ক্যামেরার সামনে আমি ৭৫ নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স তাঁর ৭৫-এর বেশি। এই বয়সে যেখানে অনেকেই নানা রোগে ভুগে শয্যা নেন, সেই বয়সে শুটিং-ডাবিং করে বেড়াচ্ছেন একজন—তিনি মিরানা জামান। শুধু কি শুটিং-ডাবিং? না। সপ্তাহে এক দিন বাজার করা, রান্না করা—সবই করেন তিনি। সন্তানদের আপত্তি ধোপে টেকে না। তাঁর যুক্তি, ‘কর্মেই আনন্দ।’ এই আনন্দ তাঁকে বাঁচার প্রেরণা জোগায়।অথচ বেশ রক্ষণশীল পরিবারের এই মানুষটির অভিনয় করার কথা ছিল না। গানের গলাটা ছিল খুবই ভালো। স্বামী আক্তারুজ্জামান চাইতেন মিরানা জামান গান করুক। স্বামীর উদ্যোগেই গান শেখা শুরু করেন। সেখানেই ঘটে বিপত্তি। তখন রেডিওতে ছিলেন আতিকুল হক চৌধুরী। তাঁকে রেডিওর নাটকে কাজ করতে বললেন।মিরানা স্বামীর ওপর রেগে গেলেন। বললেন, ‘তোমার জন্য মানুষ আমাকে অভিনয় করার কথা বলে। আমি গান শিখতে চাই না। তুমি জোর করে পাঠালে।’স্বামী তাঁকে অভয় দিয়ে বলেন, ‘এতে মন্দ কী? যদি তুমি নিজে ভালো থাকতে চাও, সব কাজ করেই ভালো থাকতে পারবে। করো না একটা-দুটা নাটক।’রেডিওর নাটকে কাজ করতে করতেই এল চলচ্চিত্রের আহ্বান। করব না করব না বলেও শেষ পর্যন্ত সন্ধান চলচ্চিত্রে অভিনয় করে ফেললেন। তবে শর্ত ছিল, তিনি মা-ভাবির চরিত্র ছাড়া অভিনয় করবেন না।ভুরু কুঁচকে নির্মাতারা অবাক হয়ে জানতে চাইতেন, ‘সেকি! সবাই নায়িকার চরিত্র করতে চায়, আর তুমি কিনা মায়ের চরিত্র করতে চাও?’ মিরানার সাফ জবাব, কারও সঙ্গে নাচানাচি করা বা গান করা সম্ভব নয়। নির্মাতারা মিরানার কথা মেনে নিয়ে তাঁকে মায়ের চরিত্রেই নিলেন। তখন তাঁর বয়স কত হবে, ২৮ বা ২৯। প্রথম ছবিতে মায়ের চরিত্রে কাজ করার পর তাঁর কাছে সব মায়ের চরিত্র আসতে শুরু করল।‘আমি তখন রাজ্জাকের মা হলাম, রহমানের ভাবি হলাম। একসময় সবারই মা আর ভাবি বনে গেলাম।’ বলছিলেন মিরানা।একদিকে অভিনয়, অন্যদিকে সংসার—দুটোকেই সাজিয়ে নিতেন। এক ছেলে, তিন মেয়ে। ছেলেমেয়েরা কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী। প্রায় ১০০ ছবিতে অভিনয় করেছেন তিনি।আশির দশকের শেষ দিকে মিরানা বিরতি দিয়েছিলেন কাজে। স্বামীর মৃত্যুর পর বেশ কয়েক বছর অভিনয় করেননি। তারপর আস্তে আস্তে আবার কাজ শুরু করলেন।‘কাজ খুব বেশি করি না। যে নাটক বা সিনেমার গল্প ভালো লাগে, সেটাতেই কাজ করি। যেমন, আবু সাইয়ীদ অপেক্ষা সিনেমাটা নিয়ে এল। আমি গল্প শুনলাম। প্রথম দিকে ছেলেমেয়েরা, বলল শরীরের এই অবস্থায় অভিনয় করার দরকার কী। ছোট মেয়েটা চিকিৎসক। ও আমার মনের অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা, একটা করুক। কাজটা করতে গিয়ে আমি এতটাই অসুস্থ হয়ে গেলাম যে মেয়ের হাসপাতালেই আমাকে ভর্তি হতে হলো। বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাসায় এলাম।’ বললেন তিনি।গেরিলা ছবিতে অভিনয় করার জন্য নাসির উদ্দীন ইউসুফ যখন প্রস্তাব করলেন, তখন মিরানা মনে মনে ভাবলেন, এই জীবনে এসে মুক্তিযুদ্ধের একটি ছবিতে কাজ করতে পারলে মন্দ কী। ‘আসলে মনের জোরেই আমি রাজি হয়ে যাই। যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই, তখন আর মনেও হয় না আমি ৭৫ বছর বয়সী এক মানুষ, যার দুই হাঁটুতে ব্যথা। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হয় না। সবই কীভাবে যেন ভুলে যাই। গেরিলা মুক্তি পেল, অনেক আলোচনা শুনলাম, ভালো লাগল।’মিরানা জামান অপেক্ষা ছবিতে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।‘কাজটা যখন শুরু করি, তখন থেকেই মনে হচ্ছিল এটি একটি ভালো ছবি হবে। তবে আমি যে এর জন্য এমন একটি সম্মান পাব, সেটা প্রত্যাশা করিনি। যখন বলা হলো মনোনয়ন পেয়েছি, তাতেই খুব খুশি হয়েছিলাম। সেই খুশির মাত্রা খুবই বেড়ে গেল যখন আমি পুরস্কারটা পেলাম। এমন অর্জন আমার মতো মানুষকে অনেক বেশি আনন্দ দেয়। অপেক্ষা ছবিতে যে এমন একটি অর্জন মিলবে সেটি আসলেই ভাবতে পারিনি।’ বলছিলেন মিরানা জামান। জানতে চাইলাম, এখন কী কাজ নিয়ে ব্যস্ত?‘মহম্মদ হান্নানের শিখণ্ডি কথা চলচ্চিত্রের কাজ করছি। কাজ করতে ভালো লাগে। তাই করি। কত দিন করব, জানি না।’ মিরানা জামান এদিক-ওদিক তাকান। তাঁর দৃষ্টিতে আরও ভালো কাজ করার স্বপ্ন যেন ঘোরে।