ক্যামেরায় জীবনসংগ্রামের গল্প
মরক্কো থেকে স্পেনে অনুপ্রবেশের চেষ্টায় একদল যুবক একটি ছোট্ট নৌকায় পাড়ি দিচ্ছে উত্তাল সাগর। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই যাত্রা। সেই দৃশ্য ফুটে উঠেছে আলোকচিত্রে। পাশের একটি ছবিতে দেখা যাচ্ছে, নাইরোবির একটি গ্রামের স্কুলে ১০০ মানুষের কঙ্কাল পড়ে আছে। আলো-আঁধারির পটভূমিতে সেই দৃশ্য যেমন ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে, তেমনি তুলে ধরেছে মানুষের বীভত্স বর্বরতাকেও। বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান আলোকচিত্রী সেবাস্তিও সালগাদো নানা দেশ ঘুরে তুলে এনেছেন এসব দৃশ্য। গতকাল শনিবার দৃক গ্যালারিতে শুরু হলো তাঁর ‘এক্সোডাস’ সিরিজের ৩১টি আলোকচিত্রের প্রদর্শনী। প্রদর্শনীর ছবিগুলোর মধ্যে রয়েছে ভারতের সারান্দার জঙ্গলে এক আদিবাসী তীর-ধনুক নিয়ে প্রতিরোধ করছে মাইনিং কোম্পানির লোকদের। সংগ্রাম করছে তারা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য। এভাবেই বিভিন্ন জনপদে মানুষের জীবনসংগ্রামের কাহিনি উঠে এসেছে সালগাদোর ক্যামেরায়। গতকাল ৪ সেপ্টেম্বর ছিল দৃক গ্যালারির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষেই আয়োজন করা হয়েছিল এক দিনের এই বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর সঙ্গে আলোকচিত্রী সালগাদোর তোলা ছবি নিয়ে করা হয়েছে পোস্টার। এই পোস্টারগুলোও ছিল প্রদর্শনীতে। ধানমন্ডির নতুন ১৫এ সড়কের ৫৮ নম্বর বাড়ি। ১৯৮৯ সালে বাড়িটি ছিল একতলা। জীর্ণ ও পুরোনো। সেই বছরের ৪ সেপ্টেম্বর বাড়িটিতে শহিদুল আলমের হাত ধরে শুরু হলো ‘দৃক’-এর পথচলা। আলোকচিত্রকে যাঁরা ভালোবাসেন কিংবা আলোকচিত্র ভালোবেসে যাঁরা পথ চলতে চান ধীরে ধীরে, তাঁদের ঠিকানা হয়ে উঠল বাড়িটি। তারপর সেই একতলা বাড়িটিও পরিবর্তন ঘটল। একতলা থেকে দোতলা, এখন সেটি তিনতলা। দৃক গ্যালারি এখন ঢাকার অন্যতম প্রধান আলোকচিত্রশিল্পের চর্চাকেন্দ্র। গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় দৃক এবং অঙ্গপ্রতিষ্ঠান পাঠশালার গত বছরের নানান কর্মসূচির চিত্র। এরপর দৃকের পরিচালক শহিদুল আলম তাঁর শুভেচ্ছা বক্তব্যে দৃক ও বাংলাদেশের আলোকচিত্রচর্চার নানা সংগ্রাম আর বঞ্চনার প্রেক্ষাপট তুলে ধরেন। গত বছর থেকে দৃক তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে চালু করেছে ‘গোলাম কাশেম ড্যাডি লেকচার সিরিজ’। প্রথমবার বক্তৃতা দিয়েছিলেন ঢালী আল মামুন। গতকাল সিরিজের দ্বিতীয় বক্তৃতা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক লালারুখ সেলিম। বিষয় ছিল ‘ঐতিহ্য ভাবনা: সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ’। পরে দৃক অডিও ভিজ্যুয়াল নির্মিত প্রামাণ্যচিত্র ‘কন্যারে, বন্ধুরে’ প্রদর্শিত হয়। এ ছাড়া ছিল দৃক পিকচার এজেন্সি অ্যান্ড দৃক ফটোগ্রাফি বিভাগের আয়োজনে বিশেষ আলোকচিত্রের প্রদর্শনী। তা দেখানো হয় প্রজেক্টরের মাধ্যমে।শিখণ্ডীদের নিয়ে চলচ্চিত্র‘শিখণ্ডী’ বা হিজড়াদের জীবনযাপন, সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-ভালোবাসা, জন্ম-মৃত্যু নিয়ে নির্মিত হলো একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমনজেন্ডার—দ্য ফিল্ম’। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। ছবিতে পরিচালক বেশ কিছু গানের আয়োজনও রেখেছেন। গতকাল ছিল সেই গানের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। স্থানীয় একটি হোটেলে ‘কমনজেন্ডার—দ্য ফিল্ম’ নামের এই অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গানচিল মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ। উপস্থিত ছিলেন সংগীতশিল্পী নকিব খান, গীতিকার আসিফ ইকবাল, চিত্রপরিচালক নোমান রবিন, সংগীতপরিচালক আরেফিন রুমি, শহীদুল ইসলাম, শফিক তুহিন প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, হিজড়াদের মৃত্যুর পর সাধারণত গোরস্তান বা অন্য সমাধিস্থলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে প্রতিবন্ধকতা দেখা দেয়। এ জন্য চলচ্চিত্রটি এবং এই গানের অ্যালবামের লভ্যাংশ দিয়ে তাদের জন্য নিজস্ব সমাধিস্থল নির্মাণ করা হবে। বাণিজ্যিক ধারার এই ছবিতে অভিনয় করেছেন ডলি জহুর, চিত্রলেখা গুহ, রোজী সিদ্দিকী, মানস বন্দ্যোপাধ্যায়, সাজু খাদেম, সোহেল খান, হাসান মাসুদ প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন বালাম ও আরেফিন রুমি ও রাহাত। এই ছবিতেই প্রথম জুটি বেঁধেছেন বালাম ও ন্যান্সি। এ ছাড়া রয়েছে সংগীতপরিচালক ও গায়ক আরেফিন রুমির একক গান। খুব শিগগির চলচ্চিত্রটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে।জুবায়ের এরশাদের ‘দ্বিধার বৃষ্টি’ ঈদ সামনে রেখে প্রায় প্রতিদিনই বাজারে আসছে নতুন গানের অ্যালবাম। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার প্রকাশিত হলো জুবায়ের এরশাদের প্রথম অডিও অ্যালবাম দ্বিধার বৃষ্টি। রাজধানীর বিয়াম মিলনায়তনে বিকেলে মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ, অগ্নিবীণা জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া, সংগীতপরিচালক শিহাব রিপন এবং শিল্পী জুবায়ের এরশাদ।দ্বিধার বৃষ্টি অ্যালবামের মোড়ক উন্মোচন করে আবদুল্লাহ আবু সায়ীদ শিল্পীকে তাঁর আকুতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শিল্প হচ্ছে স্মৃতি জাগানিয়া। জুবায়েরের রক্তে ছিল গান। ছিল গানের জন্য আকুতি। গান যার রক্তে থাকে, সেই গায়ক। তারকা হওয়া নয়, শিল্পী হতে পারাটাই সার্থকতা।’ ১০টি গান নিয়ে সাজানো এ অ্যালবামের গানগুলো হলো ‘ভুল’, ‘দ্বিধার বৃষ্টি’, ‘বন্ধু আমার’, ‘সুখগুলো’, ‘ছুঁয়ে যেতে’, ‘নেই কোনো’, ‘ইচ্ছে করে’, ‘ভালোবাসা পাই’ এবং ‘আমার পরিচয়’।