ক্যামেরায় তাঁদের শিল্পের ফুল
তাঁরা দুই সহোদর। ক্যামেরা ছিল তাঁদের নিত্যসঙ্গী। একটি যন্ত্র কীভাবে মানবিক হয়ে ওঠে, তাঁরা তা দেখিয়েছেন। তাঁদের ছবি তথ্যের পরিধি অতিক্রম করে শিল্পের জমিনে অজস্র ফুল ফুটিয়েছে। বাংলাদেশের আলোকচিত্র শিল্পচর্চার অন্যতম পথিকৃৎ নাইব উদ্দিন আহমেদ ও নওয়াজেশ আহমদের জীবন ও কর্ম সবার জন্য হয়ে আছে বিপুল প্রেরণা-সঞ্চারী ও আগামীর পথচলার পাথেয়। ছবির মানুষ-যুগল নিজেরাই ছবি হয়েছিলেন ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে। তাঁদের নিয়ে স্মৃতিচারণা করা হয়েছে সেখানে। জীবনমঞ্চ থেকে নাইব উদ্দিন আহমেদ ও নওয়াজেশ আহমদের প্রয়াণ ঘটেছিল প্রায় যেন হাত ধরাধরি করে এক বছর আগে। দুই গুণী ভ্রাতার স্মরণে বেঙ্গল ফাউন্ডেশন শ্রদ্ধা নিবেদন সভার আয়োজন করে গতকাল শনিবার। তাঁদের জীবন এবং কাজ নিয়ে বলেছেন সুহূদ, অনুরাগীরা। ছিল তাঁদের তোলা কালজয়ী আলোকচিত্রগুলোর প্রদর্শনী। ১৯৬০ থেকে ’৬৪ সাল পর্যন্ত বহু ছবি তুলেছেন অগ্রজ নাইব উদ্দিন আহমেদ। কর্মস্থল ছিল তাঁর ময়মনসিংহে। ব্রহ্মপুত্রের পারের মানুষের জীবনযাত্রা তুলে এনেছেন ক্যামেরায়। পাশাপাশি তাঁর জন্মস্থান মানিকগঞ্জের চারপাশে ঘুরে ঘুরে তুলেছেন অসংখ্য ছবি। আবার ঊনসত্তরের গণ-আন্দোলন, একাত্তরের রণাঙ্গনের দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠেছে তাঁর ছবিতে। এ রকমই কিছু ছবি ছিল প্রদর্শনীতে। সবগুলোই সাদাকালো।অন্যদিকে অনুজ নওয়াজেশ আহমদের রঙিন আলোকচিত্রে মানুষ ও প্রকৃতি হয়েছে একাকার। আলোচনা শুরুর আগে এক মিনিটের নীরবতা। পরে আলোচনা করেন শিল্পী মুস্তাফা মনোয়ার, অধ্যাপক নজরুল ইসলাম, নাট্যজন আলী যাকের, সংস্কৃতিকর্মী মফিদুল হক, অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার প্রমুখ। তাঁরা বলেন, বিগত শতকের চল্লিশের দশকের দ্বিতীয়ার্ধে প্রায় অনালোকিত এক সমাজে দুই নবীন আগ্রহী হয়েছিলেন আলোকচিত্রচর্চায়। ক্যামেরার চোখ দিয়ে দেখতে শুরু করেছিলেন জীবন ও প্রকৃতি। জীবনভর তাঁরা সেই সাধনা করে গেছেন এবং নিষ্ঠাবান শিল্পচর্চা দিয়ে অনুপ্রাণিত করেছেন পরবর্তী প্রজন্মকে। বিশাল হূদয়ের অধিকারী দুই ভ্রাতা সব শিল্পীজনকে বরণ করেছিলেন গভীর মমতা নিয়ে। পারিল গ্রামের পৈতৃক গৃহকে রূপান্তর করেছিলেন সর্বজনীন শিল্পতীর্থে। তাঁরা মানুষ ও প্রকৃতির সম্পর্ক নিয়ে ভেবেছেন এবং এই সম্পর্ক নিবিড় করে তুলতে আজীবন কাজ করে গেছেন। তাঁরা কাজের জন্যই চিরস্মরণীয় হয়ে থাকবেন।দ্বিতীয় পর্বে নাইব উদ্দিন আহমেদকে নিয়ে প্রজ্ঞা নির্মিত ‘একটি নক্ষত্র জাগে’ এবং নওয়াজেশ আহমদের ক্যামেরায় ‘রবীন্দ্রনাথের ছিন্নপত্র’ শিরোনামে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী।হামিদুজ্জামান খানের ভাস্কর্য ও জলরংস্বনামখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খান জলরঙের কাজেও সিদ্ধহস্ত। উত্তরার গ্যালারি কায়ায় গতকাল শুরু হয়েছে ‘টাইম অ্যান্ড বিইন্ড’ শিরোনামে তাঁর ভাস্কর্য ও জলরঙের ২৭তম একক প্রদর্শনী। উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী।‘আমি ঘুরতে ভালোবাসি। নানা স্থানে ঘুরে বেড়িয়েছি এবং প্রকৃতিকে নিজের মধ্যে উপলব্ধি করার চেষ্টা করেছি। কখনো বিভিন্ন দৃশ্যের স্কেচ করে নিয়ে এসেছি সেসব বিষয় ধরে রাখার জন্য। পরে স্টুডিওতে বসে নিজের অভিব্যক্তি মিশিয়ে ছবিগুলো এঁকেছি।’ নিজের চিত্রকর্ম নির্মাণের পটভূমি সম্পর্কে বলছিলেন শিল্পী হামিদুজ্জামান খান। প্রধান অতিথি বলেন, গত ৪০ বছরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি অনেক এগিয়ে গেছে। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে শিল্পকলার চর্চার অন্য যেকোনো ক্ষেত্রে বেশি এগিয়ে আছে। বিশেষ অতিথি শিল্পী হামিদুজ্জামান খানকে বাংলাদেশের জাতীয় সম্পদ অভিহিত করে তাঁর শিল্পকর্মের প্রশংসা করেন। গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী জানান, এটি তাঁদের ৫১তম প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পকর্ম ৩৪টি। এর মধ্যে ১৬টি ভাস্কর্য এবং ১৮টি চিত্রকর্ম। ভাস্কর্যগুলো মূলত ব্রোঞ্জের তৈরি। বড় আকারের একটি ভাস্কর্য তৈরি হয়েছে স্টিলে। আর চিত্রকর্মের বেশির ভাগই জলরঙে আঁকা। বেশির ভাগ ছবিতে উঠে এসেছে প্রকৃতির প্রতিচ্ছবি, সন্ধ্যা ও রাতের চিত্র ইত্যাদি। বিষয়গুলোর ওপর আলো-আঁধারের খেলা শিল্পী তাঁর তুলিতে নিপুণভাবে তুলে এনেছেন। গ্রামের চাঁদনি রাতে আলোর বিচ্ছুরণ ঘটেছে একটি ক্যানভাসে। রবীন্দ্রনাথের প্রতিকৃতিও এঁকেছেন শিল্পী। হামিদুজ্জামান খানের জন্ম ১৯৪৬ সালে কিশোরগঞ্জে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক। প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। শেষ হবে ১৫ ডিসেম্বর।‘লোক’ পুরস্কার গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে সাহিত্য পত্রিকা লোক প্রবর্তিত ‘লোকসাহিত্য পুরস্কার’ ও ‘লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার’ বিতরণ করা হয়। পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন কুমার চক্রবর্তী, চঞ্চল আশরাফ ও সাহিত্য পত্রিকা ঊষালোক-এর সম্পাদক মোহাম্মদ শাকের উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাল চৌধুরী। উপস্থিত ছিলেন হাসান আজিজুল হক, মুহম্মদ নূরুল হুদা, কামাল চৌধুরী প্রমুখ।নড়াইলে কবিয়াল বিজয় সরকার মেলানড়াইল প্রতিনিধি জানান, উপমহাদেশের প্রখ্যাত চারণ কবি বিজয় সরকারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার থেকে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে দুই দিনব্যাপী বিজয় সরকার মেলা শুরু হয়েছে। কবির প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অমৃত লাল বালা। বিজয় সদন এ মেলার আয়োজন করে।বিকেলে শিল্পকলা একাডেমী চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কয়েক হাজার দর্শক-শ্রোতা মেলামঞ্চে গভীর রাত পর্যন্ত কবিয়াল মনি শংকর সরকার ও সদানন্দ সরকারের কবিগান উপভোগ করেন। এর আগে সকালে বিজয়গীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিজয় সদনের সাধারণ সম্পাদক এস এম আকরাম শাহীদ স্বাগত বক্তব্য দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, শরীফ আতিয়ার রহমান, গাজী রহমান, আলতাব হোসেন, আহমেদ কামাল, মফিজ ইমাম, মলয় কুমার কুণ্ড।