ক্যালিফোর্নিয়ার উত্সবে পুরস্কার পেল ‘মেহেরজান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাকশন অন ফিল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে পুরস্কার পেল বাংলাদেশের ছবি মেহেরজান। ছবির পরিচালক রুবাইয়াত হোসেন মঙ্গলবার রাতে জানান, ওই দিন সন্ধ্যায় তাঁকে এই পুরস্কারের কথা জানানো হয়। ২৪ থেকে ৩০ জুলাই ক্যালিফোর্নিয়ার প্যাসেডেনাতে এই উত্সব আয়োজন করা হয়।রুবাইয়াত আরও জানান, এরই মধ্যে তাঁর এই ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে দেখানো হয়েছে। এ বছর আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস সিনে উত্সব, সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার সাইলেন্ট রিভার চলচ্চিত্র উত্সব এবং অক্টোবরে ওয়াশিংটনে তাসভির দক্ষিণ এশীয় চলচ্চিত্র উত্সবে দেখানো হবে ছবিটি। এ ছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ায় দক্ষিণ এশীয় চলচ্চিত্র উত্সবে এবং স্পেনে মারবেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবেও ছবিটি দেখানো হবে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠেয় আমেরিকান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে মেহেরজান প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে। রুবাইয়াত আরও জানান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেহেরজান ছবির প্রদর্শনী ও ছবিটি নিয়ে সেমিনারের আয়োজন করছে। সেখানে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এ বছর ২১ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেরজান।