ক্রাইম রিপোর্টার অপূর্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপূর্ব
অপূর্ব

টেলিভিশন চ্যানেলে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ শুরু করেছেন অভিনেতা অপূর্ব! রেলস্টেশনে বোমা হামলা রহস্যের তথ্য উদ্‌ঘাটনে নামতে হবে তাঁকে। তাহলে কী অভিনয় ছেড়ে দিলেন অপূর্ব? অবশ্য, তাঁর ভক্ত ও পাঠকদের এ নিয়ে চিন্তিত না হওয়ার কথাই জানিয়েছেন অপূর্ব। মোটেও অভিনয় ছাড়েননি তিনি, ঈদের একটি টিভি নাটকে ক্রাইম রিপোর্টার হয়ে আসছেন।
অপূর্ব জানিয়েছেন, দীর্ঘ অভিনয়জীবনে নাকি এমন চরিত্রে কাজই করা হয়নি তাঁর। তাই পুরো ব্যাপারটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তানিম রহমান অংশু পরিচালিত এ নাটকটির নাম ‘আপনার অনুভূতি কী?’ গতকাল থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। এ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন শার্লিন।
নাটকে তাঁর চরিত্রটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এত দিন তো সবাইকে সাক্ষাৎকার দিয়েছি। এবার নিজেকে সাক্ষাৎকার নেওয়ার কাজটি করতে হবে। তাও আবার ক্রাইম রিপোর্টার হিসেবে। পুরো ব্যাপারটাই আমার কাছে অন্যরকম লাগছে। একেবারে নতুন অভিজ্ঞতা হবে।’
অপূর্ব এও বলেন, ‘আমার কাছে পুরো চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। গল্পটা যেভাবে ভাবা হয়েছে তাতে এই চরিত্রের জন্য বেশ ভাবতে হয়েছে।’
এদিকে, অপূর্ব সম্প্রতি কাজ শেষ করেছেন ডিস্ক নামের একটি নাটকের। এই নাটকে অপূর্বকে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই নাটক প্রসঙ্গে তাঁর বক্তব্য হচ্ছে, সাধারণত আমাদের দেশের নাটকগুলোতে এ ধরনের গল্প দেখা যায় না। কাজটি অনেক বড় বাজেটের, বড় আয়োজনে হয়েছে। ইনডোরের চেয়ে এ নাটকে আউটডোরের কাজই বেশি। প্রচুর অ্যানিমেশনের কাজও রয়েছে এতে।