ক্রাইস্টচার্চে হামলা নিয়ে ছবি মুসলমানদের আপত্তি
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনা নিয়ে ছবি হচ্ছে। এতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন হচ্ছেন অস্ট্রেলীয় অভিনেত্রী রোজ বার্ন। এর মধ্যেই ছবিটি নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। অভিযোগ, মূল ঘটনা পাশ কাটিয়ে আরডার্নকে কেন্দ্র করে ছবিটি বানানো হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়েছে নিউজিল্যান্ডের মুসলমানরা। স্বয়ং প্রধানমন্ত্রীর কাছেও বিষয়টি ভালো লাগেনি।
সোমবার স্থানীয় টেলিভিশন টিভিএনজেডকে সাক্ষাৎকারে জেসিন্ডা আরডার্ন জানান, তাঁকে কেন্দ্র করে ছবি বানানোটা ভুল হয়েছে। তিনি মনে করেন, এই ঘটনার সঙ্গে এমন অনেক কাহিনি আছে, যা ছবিতে তুলে ধরা যায়। তাঁর গল্পই এখানে প্রধান বিষয় নয়। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, ঘটনার পর খুব তাড়াতাড়িই ছবিটি বানানো হচ্ছে। নিউজিল্যান্ডের মানুষের মন থেকে ওই ঘটনার ক্ষত এখনো শুকায়নি।’ ওই সন্ত্রাসী ঘটনায় জেসিন্ডা আরডার্নের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল সারা বিশ্বে।
অ্যান্ড্রু নিকোল পরিচালিত নির্মীয়মাণ ‘দে আর আস’ নামের ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন নেটিজেনরা। ন্যাশনাল ইসলামিক ইয়ুথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছবি বানানো বন্ধ করার আবেদন করা হয়েছে। তাতে প্রায় ৬১ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। তাঁদের বক্তব্য, এই ছবিতে ‘হতাহত ও যাঁরা প্রাণে বেঁচে গেছেন, তাঁদের উপেক্ষা করা হয়েছে। সব মনোযোগ একজন শ্বেতাঙ্গ নারীতে কেন্দ্রীভূত হয়েছে।’ এমনকি রোজ বার্নকেও ছবিটির সঙ্গে যুক্ত না থাকার আহ্বান জানানো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সমালোচনায় দুঃখ প্রকাশ করে ছবির প্রযোজক ফিলিপা ক্যাম্পবেল বলেন, এই ছবির কারণে কারও মন খারাপ হতে পারে, তিনি বুঝতে পারেননি। ক্যাম্পবেল বলেন, ‘আমি এই ছবি নিয়ে উদ্বেগের কথা শুনেছি। মানুষের মতামতের শক্তি উপলব্ধি করতে পেরেছি।’ তিনি জানান, মানুষের মনে আঘাত লাগতে পারে, এমন কোনো প্রকল্পের সঙ্গে তিনি থাকতে চান না।
২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালান ব্রেন্টন ট্যারান্ট নামের এক অস্ট্রেলীয়। ওই হামলায় ৫১ জন প্রাণ হারান।