ক্রিকেট আনন্দে ভাসছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রংধনু ভালো লাগে/ নীল আকাশ ভালো লাগে...’ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি গেয়ে ভালো লাগার মুগ্ধতা ছড়িয়েছেন চট্টগ্রামের মেয়ে ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা। বিশ্বজোড়া আয়োজনে গান করার অনুভূতি তাঁর কাছে একটু অন্য রকম: ‘কিছু সময়ের ব্যবধানে বিশ্বসেরা শিল্পীদের সঙ্গে, নামজাদা ক্রিকেটার আর হাজারো দর্শকের সামনে গান করাটা আমার কাছে স্বপ্নের চেয়েও বড়।’ বিশ্বকাপ নিয়ে তৈরি একটি গানে সুবীর নন্দী, আবিদা সুলতানাদের মতো শিল্পীদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশীতা। নিশীতার এই বসন্ত তাই বিশ্বকাপের রঙে রাঙানো।‘তোমাকে পেয়ে ভাবছি আমি জীবনটা কত সুন্দর...।’ যৌবনে গানটি গেয়ে সারা দেশ মাত করেছিলেন সাইফুদ্দীন মাহমুদ খান। স্কুলবেলায় গানের মতোই ক্রিকেট খেলে বন্ধুদের মাতিয়ে তুলতেন তিনি। ওড়াউড়ির দিনগুলো, হারানো দিনগুলোর কথা মনে পড়ে যায় তাঁর, ‘স্বাধীনতার পর আমরা যখন চট্টগ্রাম মুসলিম উচ্চবিদ্যালয়ে পড়তাম, তখন ক্রিকেটের চেয়ে ফুটবল ছিল বেশি জনপ্রিয়। কিন্তু ব্যাট-বলই বেশি টানত আমাকে। গাছের গুঁড়িকে ব্যাট বানিয়ে খেলতাম।’এখন অবশ্য মাঠে নামার সুযোগ হয় না সাইফুদ্দীনের, তবে সুরের ছন্দে আছেন ক্রিকেট আনন্দে। বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশনে দলীয় একটি গানে অংশ নিয়েছেন। গোলাম মোস্তফার কথা ও সুজিত রায়ের সুরে গানটি: ‘ক্রিকেট বিশ্বে দিচ্ছে নাড়া মহামিলনের মেলা/ সোনার দেশের সোনার ছেলেরা খেলবে শীর্ষ খেলা...।’ চট্টগ্রামে হচ্ছে বিশ্বকাপের দুটি ম্যাচ। এ নিয়ে সাজ সাজ রব সাগরিকা জহুর আহমদ স্টেডিয়ামে। উৎসবের নগরে পরিণত হয়েছে ক্রিকেট তারকা তামিমের চট্টগ্রাম। বিশ্বকাপের আনন্দ যেন উছলে উঠছে চট্টগ্রামের সন্তান তারকা শিল্পীদের কণ্ঠেও। খ্যাতিমান শিল্পী আবদুল মান্নান রানাকে গানে আগের মতো পাওয়া না গেলেও আছেন বিশ্বকাপের আনন্দে। ক্লোজআপ ওয়ান তারকা অরিন ও চ্যানেল আই সেরাকণ্ঠের দ্বিতীয় সেরা চৈতী মুৎসুদ্দী বিশ্বকাপ নিয়ে তৈরি গানে কণ্ঠ দিয়েছেন। ‘ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না/ ও আমার মনপাখি ময়না...’ শফিক তুহিনের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়ে এরই মধ্যে বেশ নাম করেছেন অরিন। বিশ্বকাপ উপলক্ষে দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার শিল্পীদের নিয়ে জি-সিরিজ বাজারে এনেছে জয় করবে বাংলাদেশ শিরোনামে একটি অ্যালবাম। বাংলাদেশের তৌসিফ, অরিন ও মোস্তাফিজ ছাড়াও ভারতের শেরিন ভারঘেস, শ্রীলঙ্কার নাতাসা রত্নায়েক গান করেছেন অ্যালবামে। অরিন ও মোস্তাফিজের ‘বাতাসে লাল সবুজে পতাকা ওড়াই/ বিজয়ের হাতছানি ডাক দিয়ে যায়...’ গানটি এরই মধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। শফিক তুহিনের কথা ও আকসের সুরে গানটি ভারত ও শ্রীলঙ্কায়ও ছাড়া হয়েছে।অরিন জানান, তিনি ভালোবাসেন বাংলাদেশের ক্রিকেট, অন্য দেশের খেলা তেমন দেখা হয় না। চট্টগ্রামে বাংলাদেশের খেলা থাকলে স্টেডিয়ামে চলে যান। মন ভরে খেলা দেখেন। তামিম তাঁর প্রিয় খেলোয়াড়।ক্রিকেটই ধ্যানজ্ঞান আবদুল মান্নান রানার। ব্যবসায়িক ব্যস্ততার কারণে মাঠে গিয়ে খেলা দেখা হয় কম, তবে টেলিভিশনে খেলা দেখার চেষ্টা করেন। বাংলাদেশের খেলা মিস করেন না।রানা বলেন, ‘ভারতের সঙ্গে প্রথম ম্যাচে ইতিবাচক মানসিকতার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। আমার মন বলছে ভালো খেলেই আমরা কোয়ার্টার ফাইনালে যাব।’ নিজের দেশকে শুভকামনা জানালেন রানা, তাঁর সাড়া জাগানো সেই গানের মুখরা গেয়ে: ‘যেখানে যাও ভালো থেকো...।’চৈতী মুৎসুদ্দীর খুব ইচ্ছে মাঠে গিয়ে বাংলাদেশের খেলা দেখার। তাই বন্ধুর মাধ্যমে অনেক কষ্ট করে টিকিট জোগাড় করেছেন। তবে মাঠে শুধু নয়, ক্রিকেটের গানেও আছেন চৈতী। ‘গর্জে ওঠো বাংলাদেশ...’ শীর্ষক গানে চট্টগ্রামের আরও ছয়জন শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। সেই গান নিয়ে মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। চট্টগ্রামে খেলার সময় সেটি টেলিভিশনে প্রচার করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি দর্শকদেরও দেওয়া হবে সেটি।‘মনে পড়ে সেই দিনের কথা/ মায়ের আঁচলের নিশ্চিত ভালোবাসা/...চল চল, এগিয়ে চল বাংলাদেশ...।’ বিশ্বকাপ উপলক্ষে তৈরি এই গানের মতোই এগিয়ে যাবে বাংলাদেশ—এটাই চাওয়া নিশীতার।