ক্রিকেট এখনো নেশা
ব্যাট-বলই হতে পারত তাঁদের পরম আপন। হয়নি, তাই তাঁরা ক্রিকেটার নন। তবে পুরোদস্তুর ক্রিকেটারের চেয়ে কোনো অংশেই বোধ হয় কম নন তাঁরা। ক্রিকেট-চর্চা, ক্রিকেট-জ্ঞান আর খেলাটার প্রতি তাঁদের নিবিড় ভালোবাসা তারই প্রমাণ। বিশ্বকাপ চলাকালে সংস্কৃতি জগতের এ রকম চার ‘ক্রিকেটার’—আজম খান, শুভ্র দেব, নোবেল ও আসিফকে নিয়ে এই প্রতিবেদন। লিখেছেন আশানুজ্জামান১৯৯৮ সালে যখন প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন, তখন তিনি ৪৮ বছর বয়সী তরুণ! দারুণ ব্যাটিং করেন; করেন স্পিন বল। ফিল্ডিংয়েও নজর কাড়েন। ৫০ ছুঁই ছুঁই বয়সের একজন মানুষকে এভাবে মাঠে দেখলে অবাক হতো সবাই; কিন্তু তিনি যে আজম খান, ৬০ পেরোনো বয়সেও যিনি বলতে পারলেন, ‘আমি না চাইলে আমাকে আউট করা এখনো কঠিন!’চিরদিনের তরুণ এই মানুষটি যখন আরও তরুণ ছিলেন, সেই স্কুলে পড়ার সময়, কাঠের ব্যাটে সুঁই দিয়ে ফুটো করে করে তিশির তেল দিয়ে ভিজিয়ে রাখতেন, ‘এতে করে দারুণ স্ট্রোক হতো ওই ব্যাটে।’ সেই ব্যাট আর পাঁচ টাকা দামের এমসিসি বল নিয়ে মেতে থাকতেন ক্রিকেটে।সে ক্রিকেট থেমেছিল ’৭১-এ। তিনি যুদ্ধে গেলেন। যুদ্ধ হতে ফিরে ব্যস্ত হলেন গানে।এরপর ১৯৯৩ সালের দিকে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে গান ছাড়লেন। ‘ওই সময় পাড়ার ছোট ছোট ছেলেরা টেপ টেনিসে ক্রিকেট খেলত। ওদের সঙ্গেই মাঝেমধ্যে খেলতে শুরু করলাম।’শখের এই ক্রিকেটই একসময় নিয়মিত হয়ে গেল। তিনি আবার ক্রিকেটার হলেন।অনুশীলন ম্যাচে খেলতেন, তবে প্রতিযোগিতামূলক ম্যাচে নেওয়া হতো না তাঁকে। ‘খুব খারাপ লাগত তখন। একদিন এক খেলোয়াড়ের অনুপস্থিতিতে আমি সুযোগ পেয়ে গেলাম।’ এবং ভালো করলেন। তারপর ঢাকাময় চলল তাঁর ক্রিকেট। অধিনায়কও হলেন। বললেন, ‘ঢাকা শহরের কত জায়গা থেকে কত কাপ যে জিতেছি ওই সময়!’প্রস্তাব এল তাঁর কাছে ওই সময়েই—প্রথম বিভাগ ক্রিকেট খেলার। পড়তি বয়সের এই ‘তরুণ’ যোগ দিলেন গোপীবাগ ফ্রেন্ডস দলে।টেপ টেনিসে খেলতে খেলতে ডিউজ বলে?তাতে কী? ‘মুক্তিযুদ্ধে বুলেটকে ভয় পাইনি, আর এ তো বল!’এরপর আরও দুই বছর খেলেছেন পেশাদার ক্রিকেট। ২০০০ সালে খেলা ছেড়ে আবার শুরু করেছিলেন গান। এখন শরীরটা খারাপ। ক্রিকেটের খোঁজ তবু নিয়মিতই রাখেন।বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বললেন, ‘আমরা খুব আশাবাদী এবার। দলটা খুব ব্যালান্সড। টিম স্পিরিট ভালো, মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে খুব ভালো করবে ওরা।’ক্রিকেটারদের পরামর্শও দিলেন তিনি, ‘তোমরা দেশের জন্য খেলবে। একেবারে সেনাবাহিনীর মতো। মাথা গরম করবা না। খেলা জিতেই একেবারে আনন্দ করো।’সেই উদ্যাপনটা তিনি ঘরে বসেই উপভোগ করবেন। কারণ, অসুস্থ শরীর। আর ‘টিভিতে খেলাটা খুব পরিষ্কার আসে। একেবারে নিখুঁত, কোনো কিছু মিস হয়ে গেলেও তো রিপ্লেতে দেখা যায়।’রিপ্লের মতোই বারবার আসুক বাংলাদেশের বিজয়; অন্য সব বাংলাদেশির মতো এটাই চাইছেন শুভ্র দেব। দলের সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে আশাবাদী করছে। তাঁর বিবেচনায় সম্ভাব্য চ্যাম্পিয়ন ভারত। জানালেন নিয়মিত খেলা দেখবেন।নিয়মিত খেলেনও। উইকএন্ড ক্রিকেটে (ওয়েকা) গত মাসেও খেলেছেন।‘চার-পাঁচ বছর বয়স থেকেই ক্রিকেটের সঙ্গে আমার সখ্য। সিলেট শহরে আমাদের বাসার পাশেই ছিল খেলার মাঠ।’ সকাল-বিকেল সেখানেই খেলতেন। ইনিংসের শুরুতে ব্যাট করতেন, প্রয়োজনে বলও করতেন—স্পিন। এই বোলিংয়েই করেছেন জীবনের সেরা পারফরম্যান্স। ৩৬ রানে হ্যাটট্রিকসহ ছয় উইকেট। প্রথম বিভাগের দল ইলেভেন ব্রাদার্সের হয়ে সেই ম্যাচটি হয়েছিল সিলেট স্টেডিয়ামে। অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই খেলার সুযোগ পান এই দলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়ো-কেমিস্ট্রি বিভাগে ভর্তি হয়ে খেলা ছাড়ার আগ পর্যন্ত এই দলেই খেলেছেন তিনি।পরে গান নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও ক্রিকেটকে ভুলে থাকতে পারেননি।গানেও তাই এসেছে ক্রিকেট। ১৯৯৮ সালের মিনি বিশ্বকাপ ক্রিকেটে নিজের লেখা ও সুরে শাকিলা জাফরের সঙ্গে গেয়েছিলেন ‘একই বিশ্ব একই খেলা’। (যে গানটি ইএসপিএন ও স্টার স্পোর্টস সম্প্রচার করে)। এরপর গেয়েছেন ‘গুড লাক বাংলাদেশ’ (১৯৯৯ বিশ্বকাপের আগে শাকিলা জাফর, সুবীর নন্দী ও সৈয়দ আবদুল হাদীর সঙ্গে, আসাদুজ্জামান নূরের লেখা) ও ‘হাউজ দ্যাট’ (শহীদুল আজমের লেখা)। ২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ক্রিকেটের ওপর থিম সং ‘চার মারো মারো রে ছক্কা মারো মারো রে’ লেখেন শহীদুল আজম এবং তাতে সুর ও কণ্ঠ দেন শুভ্র দেব। এ ছাড়া গেয়েছেন ‘বাংলাদেশ জেগে ওঠো’ (২০০৭ বিশ্বকাপে, শহীদুল আজমের লেখা)। ক্রিকেট নিয়ে এখন অনেকেই গান করছেন। ‘বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের শুরু থেকেই আমি ছিলাম, আছি, থাকব—ভাবতে ভালোই লাগে।’ বললেন তিনি।আগের গানগুলোর মূল কথা আর নতুন করে লেখা চারটা লাইন (লিখেছেন ড. মাহফুজুর রহমান) নিয়ে এবারও একটা গান করেছেন। ‘জয় ছিনিয়ে আনো রে’ শিরোনামের এই গানটি দিয়েই বাংলাদেশ দলকে জানিয়েছেন শুভকামনা।দলটাকে নিয়ে খুব আশাবাদী তিনি। বললেন, ‘দলটা ১৯৮৩-এর বিশ্বকাপ জয়ী ভারত দলের মতো। বাংলাদেশ এবার সেমিফাইনাল খেলবে, সবকিছু পক্ষে থাকলে ফাইনালও খেলে ফেলতে পারে।’তবে দল নির্বাচন নিয়ে তাঁর একটা অসন্তোষ আছে। বললেন, ‘অলক কাপালিকে বাদ দেওয়াটা অন্যায় হয়েছে।’ প্রিয় খেলোয়াড় মাশরাফির জন্যও দুঃখ হচ্ছে তাঁর। ৯০ শতাংশ ফিট থাকলেও তাঁকে দলে রাখার পক্ষে তিনি।তবে শতভাগ ফিট নন বলে মাশরাফিকে দলে না নেওয়াটাকেই ঠিক হয়েছে বলে মনে করেন আসিফ আকবর। তাঁর মতে, দল নির্বাচন ভালো হয়েছে। বললেন, ‘পুরো দলের মধ্যে যে আত্মবিশ্বাস দেখছি, তা আশা জাগাচ্ছে। আমাদের মাঠ, দর্শক; আমাদের আয়োজন—ছেলেরা বিশ্বাস ধরে রেখে যদি ঠিকমতো খেলতে পারে, তবে কোয়ার্টার ফাইনাল আমরা খেলবই। সেমিফাইনালও খেলতে পারি।’বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে ২০০৪ এ গেয়েছিলেন শাবাশ বাংলাদেশ (সোহেল আরমানের লেখা)। বিশ্বকাপ উপলক্ষে গানটির মিউজিক ভিডিও তৈরি করিয়েছেন নিজ খরচে। বিভিন্ন বাধা ঠেলে চ্যানেলে চ্যানেলে সেটির প্রচারের ব্যবস্থা করেছেন। বাংলাদেশের খেলা দেখতে এমনকি দেশের বাইরেও যান। বোঝা-ই যায় ক্রিকেটকে ভালোবাসেন খুব।বলছিলেন, ‘ক্রিকেট হচ্ছে আমার প্রথম ভালোবাসা। পরিবারের চেয়েও আমি ক্রিকেটকে ভালোবাসি। গানের চেয়েও।’গানে তাঁর খ্যাতির অনেক আগেই তিনি কুমিল্লায় পরিচিত ছিলেন ক্রিকেটার হিসেবে।ছিলেন অলরাউন্ডার। ভালো বল করতেন, ব্যাট করতেন, ফিল্ডিং করতেন; সবচেয়ে ভালো ছিলেন অধিনায়ক হিসেবে।কুমিল্লা জিলা স্কুল ক্রিকেটে সেরা হয়েছে তাঁর অধীনে।কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে আন্তকলেজ ক্রিকেটে চ্যাম্পিয়ন করেছেন।কুমিল্লার ইয়াং ক্রিকেটার্স আর ক্রিকেটার্স কুমিল্লা দলে খেলতেন।খেলেছেন অনূর্ধ্ব-১৬ আর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। তাঁর অধিনায়কত্বেই জাতীয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। জাতীয় লিগে তাঁর হ্যাটট্রিকও আছে। ঢাকার আজাদ স্পোর্টিংয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু এসএসসি পরীক্ষার কারণে খেলেননি। উচ্চমাধ্যমিকের পর তো ছেড়েই দিয়েছেন খেলা। তবে যত দিনই খেলেছেন, ছিলেন চূড়ান্ত সফল। তার পরও যা করেছেন, তাতেই কুমিল্লার ক্রিকেটে এক সফল নাম আসিফ।ক্রিকেটীয় সফলতায় নোবেল অবশ্য পিছিয়েই আছেন এই তিনজনের চেয়ে। বললেন, ‘খুব একটা ভালো আমি খেলতে পারতাম না। কারণ, সারা দিন বাইরে থেকে খেলা করাটা আমার পরিবার পছন্দ করত না।’ তবু সুযোগ পেলেই খেলতেন। খেলেছেন আন্তস্কুল ও আন্তকলেজ ক্রিকেটে। এখনো খেলেন। খেলা দেখেন। এবারও সপরিবারে একটা ম্যাচ দেখবেন মাঠে বসে। করপোরেট চাকুরে তিনি। চাকরির ব্যস্ততা নিয়েই মডেলিং আর অভিনয় করে চলেছেন, চলছে ক্রিকেটও।সম্প্রতি চাকরি বদল করেছেন। নতুন প্রতিষ্ঠানে এসে এখনো দল গঠন করেননি। শিগগিরই করবেন। আগের অফিসেও তাঁর একটা দল ছিল। ‘করপোরেট লিগগুলোতে খেলতাম। অনেকবারই চ্যাম্পিয়ন হয়েছি আমরা।’ আগের অফিসে গেলে এখনো চোখে পড়ে—ছবি হয়ে আছে সেসব বিজয়ী মুহূর্ত।বিশ্বকাপে এ রকম বিজয়ীর বেশেই দেখতে চান সাকিব-তামিমদের। তামিমকে মনে করেন বিশ্বের সেরা ওপেনার। তাই আশা করছেন, ‘এবার তামিম প্রমাণ করবেন, তিনি এই মুহূর্তে সেরা আক্রমণাত্মক ওপেনার।’বোলিং-ব্যাটিং মিলিয়ে দলটাকে বেশ ভারসাম্যপূর্ণই মনে হচ্ছে তাঁর কাছে। একাগ্রতা আর ফিটনেস ঠিক থাকলে এরা খুব ভালো করবে বলেই তাঁর বিশ্বাস। বললেন, ‘বাংলাদেশ কতদূর যাবে জানি না, তবে অন্তত বড় দুটো দলকে হারাবে তারা।’প্রত্যেকেরই প্রত্যাশা ভালো করবে বাংলাদেশ।প্রত্যেকেরই বিশ্বাস ভালো করবেই।