ক্রিকেট ও দেশের গান নিয়ে ব্যস্ত বাপ্পা

ক্রিকেট ও দেশের গান নিয়ে এখন ভীষণ ব্যস্ত গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। বাপ্পার ভাষায়, ‘পুরাই দৌড়ের ওপর আছি।’ তিনি জানান, ‘টি-২০ বিশ্বকাপের গানটি আমি তৈরি করছি ঠিকই। তবে আমার সঙ্গে এ গানটিতে কণ্ঠ দিতে পারবেন সাধারণ শ্রোতারা।’
এদিকে ওই গানটি ছাড়াও ২৬ মার্চ সামনে রেখে একটি দেশের গান তৈরি করা নিয়েও ব্যস্ত সময় পার করছেন বাপ্পা। ‘বাঙালির জয়, জয় বাংলার ধ্বনিতে একাত্তর’ কথার গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বাপ্পার সুর-সংগীতায়োজনে এতে কণ্ঠ দিচ্ছেন ১০ জন সংগীতশিল্পী। তাঁরা হলেন সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, মমতাজ, বাপ্পা মজুমদার, কনা, এলিটা ও কোনাল।
জানা গেছে, ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ শীর্ষক অনুষ্ঠানের থিম সং হিসেবে গানটি ব্যবহার করা হবে।
বাপ্পা বলেন, ‘এ গানটি আমার জীবনে অন্য রকম একটি ঘটনা হয়ে থাকবে।’
জিরোনা বাংলাদেশের উদ্যোগে ও প্রযোজনায় ২৬ মার্চ উপলক্ষে আরেকটি ভিন্নমাত্রার কাজ করছেন বাপ্পা। দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ নতুন করে সংগীতায়োজন করছেন তিনি। গানটিতে বাপ্পা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় তারকাশিল্পীরা কণ্ঠ দেবেন। চলতি সপ্তাহে মূলত এই গানটির রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এ প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘গানটি নিয়ে নতুন করে কাজ করাটা দুঃসাহসের ব্যাপার। চেষ্টা করছি গানটির মূল সুর ঠিক রেখে এমন একটি সংগীতায়োজন করতে।’
এদিকে ক্রিকেট ও দেশের গান তৈরির পাশাপাশি বাপ্পা স্টেজ শো নিয়ে ব্যস্ত। জানালেন, ‘নতুন গান তৈরির পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত থাকতে হচ্ছে।’