ক্রিকেট থেকে অভিনয়ে
জাতীয় ক্রিকেট দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম আবার নাটকে অভিনয় করেছেন। দর্শকদের কাছে তিনি গুলু্ল নামেই বেশি পরিচিত। জানালেন, আট-নয় বছর আগে প্রথম অভিনয় করেছিলেন বেলা শেষে নামের একটি নাটকে। তাঁর এবারের নাটকের নাম দি মাজুল একাদশ। ক্রিকেট নিয়েই নাটকের গল্প। এটি যৌথভাবে রচনা ও পরিচালনা করেছেন আসিফ খান ও মাসুদুর রহমান খান। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতাদের কাছ থেকে জানা গেছে, মফস্বল শহরের দুই ক্রিকেট-পাগল ছেলের স্বপ্ন জাতীয় দলে খেলা। খেলা শিখতে তারা যায় পাড়ার ক্লাবে। কিন্তু ক্লাবের সদস্যরা তাদের নিয়ে মেতে ওঠে নানা রসিকতায়। একদিন এলাকায় বেড়াতে আসেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। তাঁর অনুপ্রেরণায় ক্রিকেট-পাগল দুজন আলাদাভাবে গড়ে তোলে ক্রিকেট দল ‘দি মাজুল একাদশ’। তাঁরই পরামর্শে চলছে এই দলের অনুশীলন।নাটকে অভিনয় প্রসঙ্গে জাভেদ বলেন, ‘এক বন্ধুর অনুরোধে নাটকটিতে কাজ করেছি। নাটকের গল্প ক্রিকেট নিয়ে আর এখানে আমার চরিত্রটিও একজন ক্রিকেটারের। অভিনয় করতে কোনো সমস্যাই হয়নি। নাটকে আমার ভাষাও ক্রিকেট-নির্ভর, তাই বেশ মজা পেয়েছি।’ ভবিষ্যতে নাটকে আবারও কাজ করা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো কোনো নাটকে কাজ করার সুযোগ পেলে ইচ্ছা আছে।’দি মাজুল একাদশ নাটকে আরও অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান ও মাজনুন মিজান।