ক্রিকেট নিয়ে শ্রাবণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রাবণ্য তৌহিদা, ছবি: আনন্দ
শ্রাবণ্য তৌহিদা, ছবি: আনন্দ

মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে বাংলাদেশ আর ভারতের এক দিনের ম্যাচ। খেলোয়াড়দের মতো খুব ব্যস্ত শ্রাবণ্য তৌহিদা। তিনি মাঠে গিয়ে ক্রিকেট খেলছেন না, কিন্তু দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন খেলা নিয়ে নানা পর্যালোচনা। খেলার পর গাজী টিভিতে শুরু হয় ‘ক্রিকেট ম্যানিয়া’। অনুষ্ঠানটি তখন সঞ্চালনা করছিলেন শ্রাবণ্য। এরই মধ্যে অনুষ্ঠানের পাশাপাশি দর্শকের চোখে পড়েছেন এর সঞ্চালক। ২২ জুন সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে কথা হলো শ্রাবণ্য তৌহিদার সঙ্গে।
শ্রাবণ্য তখন গাজী টিভিতে ‘ক্রিকেট ম্যানিয়া’ অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের পাশাপাশি এখন গানের অনুষ্ঠান সঞ্চালনা করছেন। করছেন মডেলিং।
নিজের অনুষ্ঠান নিয়ে শুরুতেই শ্রাবণ্য বললেন, ‘যাঁরা নিয়মিত দেখেন, তাঁরা কিন্তু আমার উপস্থাপনার প্রশংসা করেন।’
শ্রাবণ্য ক্রিকেট নিয়ে অনুষ্ঠান করছেন ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০১৪’ থেকে। বললেন, ‘ক্রিকেট এখন আমার রক্তে মিশে গেছে। অন্য যেকোনো অনুষ্ঠানের চেয়ে ক্রিকেট নিয়ে অনুষ্ঠান করা আমার কাছে অনেক বেশি রোমাঞ্চকর মনে হয়।’
জানালেন, ক্রিকেট নিয়ে তাঁর উন্মাদনা সেই ছোটবেলা থেকে। পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন। মা বকুনি দিয়ে বলতেন, ‘তুমি মেয়ে না হয়ে ছেলে হলেই ভালো ছিল।’
শ্রাবণ্য বলেন, ‘অভিজ্ঞতা তো সেই ছোটবেলা থেকেই ছিল। ক্রিকেটের সবকিছুই বুঝি। এখন নিয়মিত খেলা দেখি। ক্রিকেট নিয়ে দেশ-বিদেশের পত্রিকা কিংবা অনলাইনগুলোর লেখা পড়ি। মাঠে যাওয়ার আগে প্রত্যেক খেলোয়াড় যেমন কঠোর অনুশীলন করেন, আমিও তেমনি অনেক পড়াশোনা করি। সময় পেলেই মাঠে চলে যাই।’
ক্রিকেট নিয়ে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলেন কীভাবে? শ্রাবণ্য বলেন, ‘আমি অনেক দিন থেকেই বিভিন্ন টিভি চ্যানেলের সরাসরি কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। ওই সব অনুষ্ঠান দেখেই গাজী টিভির কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানায়।’
ছোটবেলা থেকে শ্রাবণ্যর পড়াশোনার ওপরই পরিবারের চাপ ছিল বেশি। কিন্তু বাসার কাউকে না জানিয়ে তিনি বিতর্ক, নাচ, গান, নাটক আর আবৃত্তির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এরপর ভর্তি হন মেডিকেল কলেজে। নিজের ফটোসেশন করেন। ২০১২ সাল থেকে বিভিন্ন পত্রিকার মডেল হচ্ছেন। এরপর এনটিভির ‘মিউজিক ইউফোনি’, আরটিভির ‘মিউজিক স্টেশন’, বৈশাখী টিভির ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠান উপস্থাপনা করছেন।
পেশায় সরকারি হাসপাতালের চিকিৎসক শ্রাবণ্য বলেন, ‘গোড়াতে উপস্থাপনার কাজটা করেছি শখের বশে। এখন নিয়মিত করছি।’
উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হচ্ছেন শ্রাবণ্য। বললেন, ‘এখন কিন্তু নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করেছি।’
অভিনয়? বললেন, ‘এবার ঈদেই কয়েকটি নাটকে অভিনয় করার কথা ছিল। কিন্তু চাকরি, উপস্থাপনা আর মডেলিংয়ের পর সময় দিতে পারিনি। এবার মনে হচ্ছে করব। এখন যাঁদের নাটক দর্শক দেখেন, এমন কয়েকজন তরুণ নির্মাতার সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, সামনের ঈদে দর্শক আমাকে নাটকে দেখতে পাবেন।’
চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারেও নিজের আগ্রহের কথা জানান। শ্রাবণ্য বলেন, ‘একটি ছবিতে অভিনয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছে। ছবির গল্প ভালো, পরিচালকও ভালো। এখন ব্যাটে-বলে মিলে গেলে অন্য কাজ কমিয়ে দিয়ে ছবিটিতে কাজ করতে চাই।’
আট ভাই বোনের মধ্যে সবার ছোট শ্রাবণ্য তৌহিদা। সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস দ্বিতীয় পর্বে পড়ছেন তিনি।