ক্রিকেট-বলিউড একাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট, বলিউড ও রাজনীতি। ভারতে সর্বাধিক বিক্রয়যোগ্য পণ্য এ তিনটাই। ললিত মোদী তাঁর উর্বর মস্তিষ্ক ব্যবহার করে ক্রিকেট ও বলিউডের সার্থক সংমিশ্রণ করেছেন আগেই। এবার তাতে যোগ হয়েছে রাজনীতির গরম মসলা। আইপিএল থ্রি নামক এমন মজার রেসিপি ভারতবাসী এর আগে দেখেছে কি না সন্দেহ।ভদ্রলোকের খেলা ক্রিকেট আইপিএলের শুরু থেকে শুধু খেলায় সীমাবদ্ধ থাকেনি। ছড়িয়ে পড়েছে ব্যবসায়। সেই গণ্ডি ছাড়িয়ে আইপিএল থ্রিতে এবার ঢুকে পড়েছে রাজনীতিও। আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়ে শাহরুখ খানের মন্তব্য নিয়ে কম জল ঘোলা হয়নি। মাই নেম ইজ খান ছবির ওপরও বাধা পড়েছে। অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারা পাকিস্তানি খেলোয়াড়দের বিপক্ষে কথা বললেও কোপটা যেন শাহরুখের ওপরই বেশি। শিবসেনারা শাহরুখের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। শাহরুখ খান, প্রীতি জিনতার পর গত বছর থেকে দলমালিক হিসেবে যোগ হয়েছে শিল্পা শেঠীর নাম। এর পুরোটাই যে নিখাদ ক্রিকেটের প্রতি ভালোবাসা, এমনটা নয়। টাকার অঙ্কে লাভটা নেহাত কম না হওয়াই এর প্রধান কারণ। স্পনসর, টিকিট সব মিলিয়ে গত দুই আসরে সবচেয়ে লাভবান আইপিএল দলটির নাম কী বলতে পারেন? কলকাতা নাইট রাইডার্স! মাঠে জঘন্য ক্রিকেট প্রদর্শনের পরও এই সাফল্যের মূলে আছে বলিউড কিং শাহরুখ ও জুহি চাওলার সশরীর উপস্থিতি আর শাহরুখের ব্যবসায়িক বুদ্ধি। আরেক বলিউড তারকা প্রীতি জিনতাও ব্যবসাটা ভালোই বুঝতে শিখেছেন। নেস ওয়াদিয়ার সঙ্গে এত দিনের প্রেমটা শেষমেশ কেচেই গেল। তবে ব্যবসার খাতিরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ঠিকই দুজন একসঙ্গে কাজ করে যাচ্ছেন। হিরো হোন্ডার কাছে দল বিক্রি না করার মতো বলিষ্ঠ সিদ্ধান্তও প্রীতি নিচ্ছেন নিজে নিজে। প্রীতির মতো প্রেমে ব্যর্থ হননি শিল্পা শেঠী। তৃতীয় আইপিএল আসার আগেই প্রেমিক রাজকুন্দ্রকে বিয়ে করে ঘরকন্যা পাতিয়ে বসেছেন। গতবার স্বল্প ক্রিকেটীয় জ্ঞান নিয়ে পেসারদের বেশি বেশি স্পিন করানোর পরামর্শ দিয়েছিলেন। এবার এখন পর্যন্ত তেমন কোনো বেফাঁস মন্তব্য না করলেও মাঠ মাতাচ্ছেন হরদম। দল হারলে মাঠের মধ্যেই কেঁদেকেটে অস্থির করে তুলছেন পরিবেশ। সে এক এলাহি ব্যাপার। অন্যদিকে দল হারুক আর জিতুক, প্রীতি জিনতার হাসি যেন কখনোই মোছার নয়। টানা তিন ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা মিলেছে। তাতে কি, কিংস ইলেভেন পাঞ্জাবের সাইডলাইনে বেশিক্ষণ মুখ কালো করে কখনোই বসে থাকেননি প্রীতি। সাউথ আফ্রিকা ঘুরে আইপিএল আবার ফিরে এসেছে ঘরের মাটিতে। দলমালিক হিসেবে নতুন কোনো নাম যোগ না হলেও, শোনা যাচ্ছিল সালমান খান নাকি কোনো একটা দলের মালিক হতে বদ্ধপরিকর। তবে পুনে, কোচি নতুন এই দলদুটির মালিক হিসেবে কোনো বলিউড তারকাকে পাওয়া যায়নি। তবে মাঠে বলিউড তারকারা উপস্থিত থেকে, টিভি ক্যামেরার মুখ বারবার ঘুরিয়ে নিচ্ছেন নিজেদের দিকে। রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড প্রতিনিধি ক্যাটরিনা কাইফ, মুম্বাই ইন্ডিয়ানসের ভক্ত রাহুল বোস, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, শেরলিন চোপড়াসহ অনেক বলিউড তারকাকেই নিয়মিত মাঠে পাচ্ছে আইপিএল থ্রি। সম্প্রতি থ্রি ইডিয়টস চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসা আর কে মাধবন তাঁর টুইটারে রীতিমতো আক্ষেপ করেছেন চেন্নাই সুপার কিংস তাঁকে ব্র্যান্ড প্রতিনিধি না করায়। আইপিএল জ্বর যে ভালোমতোই বলিউডকে আক্রমণ করেছে তাতে আর সন্দেহ কি। মাল্টিপ্লেক্স মালিকেরাও পেয়েছেন নতুন ব্যবসার ধারণা। এ মাসে আইপিএলের জুজুতে বড় বাজেটের তেমন কোনো ছবি মুক্তি পায়নি বলিউডে। ক্ষতি পোষাতে মাল্টিপ্লেক্সে বড়পর্দায় দেখানো হচ্ছে আইপিএলের ম্যাচগুলো। বিশ্বাস করুন, হাউসফুল ছাড়া অন্য কিছু ভাবতেই হচ্ছে না হলমালিকদের। বিশাল পর্দায় খেলা দেখার আনন্দ, তাতে আবার নেই বিজ্ঞাপন বিরতির যন্ত্রণা। এ সুযোগ দর্শকেরা হারাবে কেন? আইপিএল জ্বরে এমনই কাবু পুরো বলিউড। ওয়েবসাইট অবলম্বনে