ক্রিকেটার থেকে গায়ক হরভজন সিং

এবার নতুন পিচে বল করতে চলেছেন ক্রিকেটার হরভজন সিং। ক্রিকেট মাঠের অফ স্পিনার হলেও ব্যক্তিগত জীবনে অল-রাউন্ডারের পথে ধীরে ধীরে এগোচ্ছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার হরভজন সিং। এবার গায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন জনপ্রিয় এই অফ স্পিনার।
সম্প্রতি ভারতীয় দলের এই ক্রিকেটার একটি গান গেয়ে সংগীতের দুনিয়ায় গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন। সংগীত পরিচালক মিথুনের দেওয়া সুরে গাইলেন হরভজন। এই গানের মাধ্যমে তিনি দেশের প্রকৃত নায়কদের শ্রদ্ধা জানিয়েছেন। এ প্রসঙ্গে মিথুন বলেছেন, ‘এই পরিকল্পনা সম্পূর্ণ হরভজনেরই। সে সংগীতের প্রতি ভীষণ আগ্রহী। হরভজন নিজের দেশের সভ্যতা ও সংস্কৃতির জন্য কিছু করতে চাইছিল। সেই জায়গা থেকে এ প্রকল্পের জন্ম।’
সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’-এর মঞ্চে দেখা গিয়েছিল হরভজনকে। এরপর কমেডি অনুষ্ঠান ‘মজাক মজাক মে’তে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বিচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে। স্টান্টের ওপর জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ রাইজিং’-এও হরভজনকে বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে বিচারকের আসনে দেখা যায়। এর মধ্যে তিনটি ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
হরভজনের গাওয়া গানটির ভিডিও ভারতের বিভিন্ন অঞ্চলে শুটিং হবে। গানটির কিছুটা অংশ হিন্দি, আর কিছুটা অংশ ইংরেজিতে গাওয়া হয়েছে। খবর অনুযায়ী, গানটির ভিডিও ডিসেম্বরে মুক্তি পাবে। এরপর হরভজন আরও একটি ছবিতে অভিনয় করবেন বলেও শোনা যাচ্ছে।