ক্রিকেটার পাইলটের সঙ্গে নিপুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়িকা নিপুন ছোটপর্দার অনেকেরই সঙ্গে টিভি নাটকে অভিনয় করেছেন। এবারের ঈদে ছোটপর্দার একটি নাটকে তিনি অভিনয় করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে। আনিসুল হকের রচনা ও শামীম শাহেদের পরিচালনায় নাটকটির নাম ‘বালক ভুল করে পড়েছে ভুল বই’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।নাটকের গল্পে দেখা যাবে, বেশ ভালো বন্ধুত্ব খালেদ মাসুদ পাইলট এবং নায়িকা নিপুনের। নানা কাজে দুজন দুজনের সঙ্গী। একজন ভালো ছাত্রী অন্যজন ভালো দাবারু। ‘রিতা (নিপুন), তোকে আর আমার তুই তুই করে বলতে ইচ্ছ করছে না। তুমি করে বলতে ইচ্ছা করছে’— বৃষ্টিতে ভিজতে ভিজতে হঠাত্ একদিন নিপুনকে কথাগুলো বলে পাইলট। নিপুন খুব সাধারণভাবে নেয়। কিন্তু মাত্র দুই দিন সময় দেয় খালেদ মাসুদ পাইলট। এর মধ্যে উত্তর জানাতে বলে তাকে। কিন্তু কোনো খবরই আসে না পাইলটের কাছে। ঘটনাক্রমে দেখা যায়, একটা বই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গল্পে প্রবেশ করে মাজনুন মিজান। তারপর এই তিনজনের সম্পর্ক নিয়ে এগিয়ে চলে নাটক ‘বালক ভুল করে পড়েছে ভুল বই’। পাইলটের মতে, ‘নাটক করা আমার কাজ না। খুব নার্ভাস ছিলাম সারাক্ষণ। কেমন হয়েছে নির্দেশক বলতে পারবেন। আমি এ পর্যন্ত মাত্র দুটি নাটক করলাম। একটায় ছিল অপি করিম, অন্যটায় নিপুন। দুটির নির্দেশকই শামীম শাহেদ ভাই। অভিনয় করতে ভালোই লেগেছে। কিন্তু কাজটা খুব কঠিন।’নিপুন বলেন, ‘আমি সিনেমা করেছি অনেকগুলো। নাটক এখন বাড়ছে। খালেদ মাসুদ পাইলটের সঙ্গে কাজ করে ভালোই লেগেছে। ‘বালক ভুল করে পড়েছে ভুল বই’ নাটকে খালেদ মাসুদ পাইলট, নিপুন ছাড়াও অভিনয় করেছেন মাজনুন মিজান, লাজুক, সাবাহ, তরিকুল প্রমুখ। ‘বালক ভুল করে পড়েছে ভুল বই’ নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বেলা আড়াইটায়