ক্রিকেটারদের 'আয়নাবাজি' দর্শন

ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ সিরিজ শেষে টেস্টের অপেক্ষায় ক্রিকেটাররা এখন চট্টগ্রামে। ২০ অক্টোবর শুরু হওয়া প্রথম টেস্টের আগে বিশ্রামের ফাঁকে সবাই মিলে সদ্যমুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ ছবিটি দেখেছেন।
চট্টগ্রামের পাঁচতারা হোটেল র্যাডিসনে ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য আজ বৃহস্পতিবার আয়োজন করা হয় ‘আয়নাবাজি’ ছবির বিশেষ প্রদর্শনীর। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ছবিটি নিয়ে নিজেদের ভাবনার কথা জানাতে সেখানে যোগ দেন ছবির অভিনয়শিল্পী নাবিলা, পার্থ বড়ুয়া, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, প্রযোজক জিয়াউদ্দিন আদিল এবং মিডিয়া পার্টনার আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
ছবি দেখার পর এক প্রতিক্রিয়ায় সাকিব আল হাসান বলেন, ‘আমি বলব, একেবারে আলাদা রকমের একটি গল্প। সবাই ছবিটি খুব এনজয় করবে, যাঁরা দেখেছেন, তাঁরা আমার সঙ্গে একমত হবেন। আর যাঁরা দেখেননি, তাঁরা হলে গিয়ে দেখবেন বলে আমি আশা করছি।’
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ জানান, ‘আমাদের দেশে ভালো মানের ছবি হওয়া উচিত। আশা করছি, এ রকম আরও ভালো ছবি তৈরি হবে এবং আমরাও সবাই মিলে হলে গিয়ে সিনেমা দেখতে পারব।’

সিনেমার প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, ‘যে জাতীয় দলের খেলা দেখার জন্য সারা দেশের মানুষ উদগ্রীব হয়ে থাকে, সেই খেলোয়াড়েরা যে “আয়নাবাজি” ছবিটি দেখার জন্য অপেক্ষায় ছিল, তা আজই টের পেলাম। এই ছবির প্রতিটি মুহূর্ত সবাই খুব উপভোগ করেছেন। অনেক ক্রিকেটার তাঁদের পরিবার নিয়ে ছবিটি আবার দেখার আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাঁদের সম্মানে সেই ব্যবস্থাও করব।’
পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ক্রিকেটাররা। তাঁদের সম্মানে আমরা একটা বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলাম। আমরা যখন পাগলের মতো যে মানুষগুলোর খেলা দেখি, সেই তাঁরাই যখন ছবির প্রশংসা করেন, এর চেয়ে বড় অনুপ্রেরণা তো আর কিছুই হতে পারে না।’
‘আয়নাবাজি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।