ক্রিকেটারের পর এবার নায়ক

একটি আন্তর্জাতিক পণ্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পণ্যটির প্রচারের পদক্ষেপ হিসেবে তিনি আজ সোমবার বিজ্ঞাপনচিত্রের শুটিংয়েও অংশ নিচ্ছেন। শুভর ভাষায়, আন্তর্জাতিক পণ্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার বিষয়টি নিঃসন্দেহে আনন্দের। এর আগে এই পণ্যের শুভেচ্ছাদূত হয়েছিলেন ক্রিকেটার তাসকিন।
গতকাল ২ ফেব্রুয়ারি ছিল চিত্রনায়ক আরিফিন শুভর জন্মদিন। কততম জন্মদিন জানা না গেলেও দিনটা কীভাবে কেটেছে, তা জানালেন। শুভ বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সবাইকে নিয়ে কেক কেটেছি। মায়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। এরপর সকালে কাজে বের হয়ে যাই। দুটি বিজ্ঞাপনচিত্রে কাজের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়। ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের সহকর্মীদের অনেকে ফোন করে, এসএমএস করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এভাবেই কেটেছে।’
ঢালিউডের এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সম্প্রতি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন। একটি ‘মিশন এক্সট্রিম’ ও অন্যটি এই ছবির সিক্যুয়েল। ছবি দুটি নিয়ে ভীষণ উচ্ছ্বাসের কথা জানালেন তিনি। শুভ বলেন, ‘অনেক দিন ধরে এমন একটি ছবির জন্য অপেক্ষায় ছিলাম। কাজটি করে আমি অনেক বেশি সন্তুষ্ট। আমার বিশ্বাস, সবাই বলবেন, শুভ তার রাস্তার খুঁজে পেয়েছে।’
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আরিফিন শুভ। ২০০৫ সালে মডেলিং দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন আরিফিন শুভ। এর ঠিক দুই বছর পর প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকে অভিনয় করেন। এরপর ‘ইজ ইকুয়াল টু’ ধারাবাহিকে অভিনয় করে তাঁর অবস্থান শক্ত করেন। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে শুভর বড় পর্দায় অভিষেক হয় ২০১০ সালে। তিন বছর বিরতির পর চলচ্চিত্র পরিচালক শফি উদ্দিন শফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রে তাঁর সহশিল্পী ছিলেন শাকিব খান ও জয়া আহসান। দেশের পাশাপাশি পাশের দেশ ভারতের বাংলা চলচ্চিত্রেও অভিষেক হয়েছে তাঁর।