‘গত দুই বছর ভারতীয় দল যেভাবে খেলে আসছে, তাতে বলা যায়, আজ ভারতীয় দলই ফেবারিট।’বেশ আত্মতৃপ্তি নিয়েই এই বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারতের উদ্বোধনী খেলা শুরুর আগে এভাবেই ধারাভাষ্যের কক্ষে বসে কথাটি বলেছিলেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।তাঁর কথার সুর ধরেই অপর ধারাভাষ্যকার বললেন, দুই বছর ধরে ভারতীয় দলের পারফরম্যান্স ভালো। তবে শেষ বিশ্বকাপে কিন্তু বাংলাদেশের কাছেই হেরেছিল ভারত।’এ কথা শোনার পর সঞ্জয় মাঞ্জরেকার আর কিছুই বলতে পারেননি। সঞ্জয় মাঞ্জরেকারের কথার উত্তরে যিনি এই কথাটি বলেছিলেন, তিনি আতহার আলী খান। বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার। এক দিনের আন্তজাতিক ম্যাচে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচ হওয়া এই মানুষটি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর চার বছর জাতীয় দলের নির্বাচকের ভূমিকায় ছিলেন। তিনি এখন নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকারের কাজটি করছেন। তিনি বাংলাদেশের তারকা ধারাভাষ্যকার। মাঠে তিনি এখন আর খেলেন না ঠিকই, কিন্তু ধারাভাষ্যকার হিসেবে এখনো রয়েছেন মাঠের কাছাকাছি। বাংলাদেশ দলের প্রায় প্রতিটি খেলায় তিনি টেলিভিশনে নিয়মিত ধারা বর্ণনা দেন। নিজের দল ভালো খেলুক বা মন্দ খেলুক, সারা দুনিয়ার কাছে তিনি বাংলাদেশের ক্রিকেটের নানা দিক তুলে ধরেন। দলের খেলোয়াড় না হলেও, দলের একজন হয়েই বিভিন্ন দেশের গ্রেট ক্রিকেটারদের সঙ্গে বাগ্যুদ্ধেও লিপ্ত হন। দেশের খেলোয়াড়দের যোগ্য আসনে বসাতে তিনি কথার পিঠে কথা চালিয়ে যান। আর এ কারণেই টিভির সামনে বসে যাঁরা খেলা দেখেন, তাঁদের কাছেও মানুষটি অনেক বেশি পরিচিত। যেখানে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, সেখানেই আতহার আলী খানের সরব উপস্থিতি। এমনকি খেলোয়াড়দের উজ্জীবিত করতে তিনি খেলা শেষে খেলোয়াড়দের সঙ্গে গিয়ে কথা বলেন। এবারের বিশ্বকাপ ক্রিকেট খেলায় বাংলাদেশ এ পর্যন্ত তিনটি খেলায় অংশ নিয়েছে। প্রতিটি খেলা নিয়ে আছে তাঁর নানা রকম অভিজ্ঞতা। সে কথাগুলোই জানালেন তিনি।প্রথম খেলায় ধারাভাষ্যকারদের মধ্যে ছিলেন সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, রবি শাস্ত্রীসহ আরও অনেক বিখ্যাত সাবেক ক্রিকেটার। বাংলাদেশ যখন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল এবং ভারতীয় দল ব্যাটিং শুরু করে ভালো রান সংগ্রহ করছিল, তখন সুনীল গাভাস্কার আতহার আলী খানকে একটি প্রশ্ন করলেন, ‘টস জিতে কী নেওয়া উচিত ছিল?’আতহার আলী খান বললেন, ‘এক দিনের খেলাটা হচ্ছে ব্যাটসম্যানদের খেলা। প্রথমে ব্যাট নিয়ে যদি ২৭০ থেকে ২৮০ রান করা যায়, ভারত যত বড়ই ভালো ব্যাটিং লাইনআপের দল হোক না কেন, আমরা তাদের ওপর একধরনের চাপ তৈরি করতে পারতাম। একটি-দুটি উইকেট পড়ে গেলে তো তখন বেশি সুযোগ থাকে।’আতহারের কথা শুনে সুনীল গাভাস্কার বললেন, ‘তোমার কথার সঙ্গে আমি একমত। আমি হলেও তা-ই করতাম। তবে আতহার সুনীলকে বললেন, ‘তার পরও কথা থেকে যায়। বাংলাদেশ দলে রয়েছে এখন বেশ কয়েকজন ভালো খেলোয়াড়। তারাও হয়তো আরো ভালো কিছু করতে পারে। সঙ্গে সঙ্গে সুনীল গাভাস্কার মেনে নিলেন আতহারের কথা। বাংলাদেশ দলের শুরুটা দেখে ভারতীয় অন্যান্য ধারাভাষ্যকারও আতহারের কথা মেনে নিলেন।‘আসলে সেদিন বাংলাদেশ দল হেরে গেলেও বলব যে, বেশ ভালো খেলেছে। আর বাংলাদেশ যখন খেলে, আমার মনে হয় আমি যেন নিজেই খেলছি। কারণ ছোটবেলা থেকেই আমি ক্রিকেট খেলছি। ফলে এই উপলব্ধিটা খেলার ধারাবর্ণনা দেওয়ার মধ্যেও থাকে। মনে হয় আমি যেন বাংলাদেশের জাতীয় পতাকাটাকে উঁচু করে ধরে বয়ে নিয়ে যাচ্ছি।’ বলছিলেন আতহার।খেলোয়াড় থেকে কী করে ধারাভাষ্যকার হলেন, সেই গল্পটা এবারে জেনে নেওয়া যাক।আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পর যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড—এই তিনটি দেশে একটি সফর ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সেখানে খেলা শেষে স্থানীয় টিভি চ্যানেলগুলো আসত সাক্ষাৎকার নিতে। তো হঠাৎ করেই দলের ম্যানেজার গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমে কথা বলার জন্য আমাকে ডাকলেন। আমি ওদের সঙ্গে কথা বললাম। এভাবেই বিদেশি গণমাধ্যমে আমার কথা বলা শুরু হয়। এরপর প্রথম বিশ্বকাপ খেলব আমরা। কিন্তু যেকোনো কারণেই হোক, ৩০ জনের দলে আমার জায়গা হলো না। মনটা খারাপ হলো। কিন্তু দলের প্রতি আমার শুভকামনা রইল। ভাবছিলাম কী করব? দেখলাম, অনেক বিখ্যাত সাবেক ক্রিকেটার টিভি পর্দায় খেলার ধারাবিবরণী দিচ্ছেন। আমারও ইচ্ছা হলো। কিন্তু সুযোগ কোথায়? এরই মধ্যে বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পেয়ে গেল। বাংলাদেশে এল ভারতীয় দল। আমি খেলোয়াড়দের সঙ্গে দেখা করে শুভকামনা জানাতে হোটেলে গেলাম। সেখানে দেখা পেলাম খেলা সরাসরি সম্প্রচারের স্বত্ব পাওয়া টিভির প্রযোজকের মাক অডয়ের। তিনি স্কটল্যান্ডে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন। ভদ্রলোক অস্ট্রেলিয়ান। তিনি আমাকে চিনলেন। বললেন, ‘আরে, তুমি এখানে কী করো? আমি তাকে বললাম, এখন তো আর খেলি না। তবে টিভির দর্শকদের জন্য ধারাভাষ্যকার হতে চাই। কিন্তু কাকে এ কথা বলব, তা জানি না। এ জন্যই খোঁজখবর নিচ্ছি। আর খেলোয়াড়দের সঙ্গেও দেখা করতে এলাম। তিনি আমাকে প্রশ্ন করলেন, ‘আসলেই কি তুমি ধারাবিবরণী দিতে চাও?’ আমি বললাম, হ্যাঁ।তখন তিনি বললেন, ‘এর প্রযোজক তো আমি নিজেই। আসো তুমি।’ তিনি আমাকে প্রথম সুযোগ করে দিলেন।’ বলছিলেন আতহার।ধারাবিবরণী দেওয়ার প্রথম দিনের অভিজ্ঞতার কথা এখনো মনে আছে আতহারের। ধারাভাষ্যকক্ষে গিয়েই দেখতে পেলেন সুনীল গাভাস্কার, মাইকেল হোল্ডিং, ইয়ান চ্যাপেল, টনি গ্রেগের মতো গ্রেটদের। তাঁদের সঙ্গে বসে কথা বলতে গিয়ে নার্ভাসই হলাম। ধীরে ধীরে নিজেকে সামলে নিলাম। খেলার মাঝে একে একে সবাই আমাকে প্রশ্ন করলে তার উত্তর দিতাম। এমনি করে আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়ে গেলাম। এখন মোটামুটি ৩০ মিনিট করে ধারাবিবরণী দিয়ে যাই। আর প্রতিটি মুহূর্তেই নিজ দলের শুভকামনা জানাই। দলের জন্য আতহার শুভকামনা জানান, দল ভালো করলে কথা বলতে আরও বেশি সাহস পান। কিন্তু দল যখন খারাপ করে, তখন আতহারকে বিভিন্ন দেশের বড় বড় সাবেক খেলোয়াড়, যাঁরা এখন ধারাভাষ্যকার হয়েছেন, তাঁদের বিরূপ মন্তব্য শুনতে হয়। আতহার যথাসম্ভব চেষ্টা করেন সেগুলোর উত্তর দিতে।সে রকমই আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের খেলার কিছু অভিজ্ঞতার কথা বলছিলেন আতহার।আয়ারল্যান্ডের সঙ্গে খেলা। খুবই গুরুত্বপূর্ণ খেলা ছিল আমাদের জন্য। টসে জিতে ব্যাটিং নিল বাংলাদেশ। ভালোভাবেই খেলছিল দল। হঠাৎই উইকেটের পতন। পেছন থেকে বেশ কিছু কথা শুনতে হলো। কিন্তু আমি চুপচাপ থেকেই ধারাবিবরণী দিয়ে যাচ্ছিলাম। যখন বাংলাদেশের শেষ ব্যাটসম্যান পর্যন্ত চেষ্টা করে রান ২০০-এর ওপর নিয়ে গেল তখন আমি বললাম, আয়ারল্যান্ডকে হারাতে এই রানই যথেষ্ট। তখনো আমাকে সুনীল প্রশ্ন করলেন, কীভাবে? আমি বললাম আমাদের ভালো ভালো স্পিনার আছে। তখন তিনিও মানলেন আমার কথা। অবশ্য সারাক্ষণ টেনশনে ছিলাম। প্রচণ্ড টেনশনের মধ্য দিয়েই ধারাবাবিবরণী দিয়ে গেছি। যখন জয় পেলাম তখন আসলেই খুব খুশি হয়েছি। ধারাভাষ্যকক্ষেও সেই আনন্দের ঢেউ যেন আছড়ে পড়ে।তবে আনন্দ ম্লান হয়ে যায় মাত্র কয়েক দিনেই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা। খেলার আগে আমি বিদেশি ধারাভাষ্যকার মার্ক নিকলেস, টনি কোজিয়ার, মাইকেল আথারটনদের বললাম, আজকের খেলায় আমরা জিততে চাই। আমাদের খেলোয়াড়েরা সেভাবেই প্রস্তুত। তাঁরা বললেন, দেখা যাক। খেলা শুরু হলো। মাত্র তিন বলেই তামিম নেই। তখন তাঁরা জানতে চাইল, এটা কী? আমি, বললাম, একটা বাজে বলে আউট হলো। আমি বললাম, এরপরের ব্যাটসম্যানরা ভালো করবে। মনে মনে বললাম, অন্তত একটা জুটি গড়ে উঠবে। কিন্তু ধারাভাষ্যে পরিবর্তন হতে না-হতেই আরও উইকেটের পতন। যেন দুঃস্বপ্ন। ৫৮ রানে সব শেষ। আমাকে অনেক প্রশ্ন করা হলো। আমি বললাম, আসলে সব মিলিয়ে আজকে আমাদের দিনটাই খারাপ। এর বেশি কিছু আমি কী বলতে পারি। কিন্তু পেছন থেকে আবারও অনেক কথা শুনতে হলো। আমি তখন সবাইকে বললাম, এই দলটাই আগামী খেলায় ভালো খেলবে। আগামীকাল ইংল্যান্ডের সঙ্গে খেলা। যে ইংল্যান্ড ভারতের সঙ্গে ড্র করেছে বিশাল রান তাড়া করে, যে ইংল্যান্ডের ১৭১ রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার মতো দল হোঁচট খেয়ে পড়েছে, সেই দলের সঙ্গে বাংলাদেশ খেলবে। আমি আশাবাদী মানুষ। আমার একটাই কথা, এই দলটার সঙ্গে ভালো খেলতে হবে। শুধু ভালো নয়, অতিরিক্ত ভালো খেলতে হবে। ১৬ কোটি মানুষেরও প্রত্যাশা কিন্তু আমার মতোই।ছিলেন তারকা ক্রিকেটার। এখন তিনি ধারাভাষ্যের তারকা। কেমন উপভোগ করছেন এই নতুন পরিচয়?আতহার আলী খান কিছুক্ষণ ভাবলেন। বললেন, আসলে আমরা যারা ধারাভাষ্যকার, তাদের প্রায় সবাই একসময় ক্রিকেটার ছিলাম। আমাদের আসল পরিচিতি ক্রিকেটার হিসেবেই। তবে, এখনকার প্রজন্ম তো আমাদের খেলা দেখেনি, টেলিভিশনে ধারাভাষ্যের কল্যাণেই তারা আমাদের জানতে পারছে। ধারাভাষ্য দিতে আমার ভালো লাগে। তবে বলতেই হয়, ক্রিকেটার ছিলাম, ক্রিকেট নিয়ে আছি, এটাই আমাকে আনন্দ দেয়।