ক্রিমেটিক এক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘২০১০ সালে একাত্তরের চিঠি বইটি আমরা সংগ্রহ করি। এই বইয়ে মাকে লেখা একজন মুক্তিযোদ্ধার চিঠি পড়ে আমরা শিহরিত হই। রণাঙ্গনের ডাকটিকিট শিরোনামে একটি গান তৈরি করি। গানটির সঙ্গে চিঠিটি পাঠ করেছেন খালেদ খান।’ বললেন ক্রিমেটিক এক্স ব্যান্ডের অন্যতম সদস্য প্রজ্ঞা। গানের শিরোনামেই বেরিয়েছে ক্রিমেটিক এক্স ব্যান্ডের প্রথম অ্যালবাম রণাঙ্গনের ডাকটিকিট। এবার একটু পেছনে যাওয়া যাক। সময়টা ২০০৬ সাল। ক্রিমেটিক এক্স ব্যান্ডের শুরুটা হয়েছিল তখন। সবে এইচএসসি পাস করে প্রজ্ঞা, আশিক, মিশু, রিফাত ও সঞ্জয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হয়েছেন। বুয়েট ক্যাম্পাসেই নিজেদের মধ্যে পরিচয়। এখান থেকেই গানের শুরু। গড়ে তোলেন গানের দল, ক্রিমেটিক। কিছুদিন পর দুজন সদস্য ব্যক্তিগত কারণে ক্রিমেটিক ছাড়েন। যোগ দেন নতুন দুজন। দলের নামেও আসে পরিবর্তন, ক্রিমেটিক থেকে ক্রিমেটিক এক্স। শুরু থেকেই থ্র্যাশ মেটাল ও অল্টারনেটিভ রক গানের চর্চা করছে ব্যান্ডটি।প্রজ্ঞা বললেন, ‘ওয়ারফেজের জীবনধারা অ্যালবামটি থেকে নতুন কিছু করার ব্যাপারে অনুপ্রেরণা পেয়েছি। আমরা থ্র্যাশ মেটাল ও রক ধারার গান করি। সামাজিক নানা অনিয়মের জবাব থ্র্যাশ মেটালের মধ্য দিয়ে আর ভালোবাসার আবেদন রক গানের মধ্য দিয়ে তুলে ধরি।’ শুরুর দিকে ব্যান্ডের সবাই বুয়েট ছাত্রাবাসে থাকতেন। এখন তাঁরা আছেন ঢাকার বিভিন্ন স্থানে। কিন্তু নিয়মিত মহড়ায় অংশ নিতে ভোলেন না। ক্রিমেটিক এক্সের আরেক সদস্য আশিক বললেন, ‘একসময় বুয়েটের তিতুমীর হল ও রশীদ হলের বিভিন্ন কক্ষে আমরা মহড়া করেছি। বিরক্ত হওয়া দূরে থাক, বন্ধুরা তখন দারুণ উৎসাহ জোগাত।’২০০৭ সালে বুয়েটের এক অনুষ্ঠানে প্রথম গান করে ক্রিমেটিক এক্স। পরের বছর চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিরোনামহীন ব্যান্ডের সঙ্গে ওপেন এয়ার কনসার্টে গাওয়ার সুযোগ আসে। ২০০৯ সালে এবিসির রেডিওর ক্যাম্পাসভিত্তিক ব্যান্ডের প্রতিযোগিতায় সেরা ব্যান্ডের পুরস্কার জিতে ক্রিমেটিক এক্স। একই বছরের ডিসেম্বরে ঢাকায় ম্যুজ ব্যান্ড উৎসবে চ্যাম্পিয়ন হয় তারা। এর মধ্যেই চলে নিজেদের প্রথম অ্যালবাম তৈরির কাজ। রণাঙ্গনের ডাকটিকিট বাজারে আসে ২০১০ সালে। তবে প্রথম গান মিশ্র অ্যালবাম রক ২০২-এ।ক্রিমেটিক এক্স এখন নিজেদের দ্বিতীয় অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট কবির কবিতাকে গানে রূপান্তরের কাজ করছেন ব্যান্ডটির সদস্যরা। ক্রিমেটিক এক্সের সদস্যরা হলেন প্রজ্ঞা (ভোকাল ও গিটার), আশিক (ভোকাল ও কিবোর্ড), মিশু (ভোকাল ও বেজ), রিফাত (গিটার) ও সঞ্জয় (ড্রামস)।