ক্রিস কি আরেক জ্যাকসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস ব্রাউন
ক্রিস ব্রাউন

একই সঙ্গে মসৃণ কণ্ঠ আর মনকাড়া নাচ। ভাবতে পারেন, মাইকেল জ্যাকসনের ফটোকপি আবার কোত্থেকে এল! এ হচ্ছে ক্রিস ব্রাউন, আমেরিকানরা যাঁকে মনে করেন ‘পাশের বাড়ির ছেলেটি’। নাচ-গান ছাড়াও তিনি আলোচিত বান্ধবী পেটানোর জন্য।
মাত্র দুই হাজার মানুষের বাস—এমন এক শহরে বেড়ে উঠেছেন হিপহপ গায়ক ক্রিস ব্রাউন। গাইতে শুরু করেছিলেন স্থানীয় চার্চে। স্যাম কোকি, স্টিভি ওয়ান্ডার এবং মাইকেল জ্যাকসনরা তাঁর অনুপ্রেরণা। ক্রিসের নাচের ভঙ্গিতে নাকি উশারকেও পাওয়া যায়; যাঁকে ক্রিস গুরু মানেন।
ক্রিসের গান শুনে প্রথম চমকে ওঠেন ডেফ জ্যাম রেকর্ডিং কোম্পানির কর্মী টিনা ডেভিস। এইটুকুন ছেলের কণ্ঠ এত সুন্দর! এ নিয়ে বিলবোর্ড ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে টিনা বলেছিলেন, ‘আমি নিশ্চিত ছিলাম, ছেলেটা একদিন তারকা হবে।’ মাত্র ১৫ বছর বয়সে টিনার সহায়তায় বিখ্যাত জাইভ রেকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন ক্রিস। তারপরের ঘটনা সবার জানা। ওই কোম্পানির হাত ধরে উঠে এসেছেন ব্রিটনি স্পিয়ার্স, এন সিঙ্ক, আর কেলি, উশার ও কেনি ওয়েস্টের মতো বহু তারকা। তাঁদের দলে নাম লেখালেন ক্রিস ব্রাউন।
২০০৫ সালে বের হয় ক্রিসের প্রথম অ্যালবাম। সফল গায়কদের মতোই যথারীতি সেটা উঠে আসে তালিকার শীর্ষে। খ্যাতিমান নির্মাতা ও গীতিকারদের সঙ্গে কাজের সুবাদে ক্রিস চলে আসেন হিট তালিকার এক নম্বরে। তাঁর ‘রান ইন’, ‘জিমি দ্যাট’, ‘এক্সকিউজ মি মিস’, ‘কিস কিস’, ‘ওয়াল টু ওয়াল’, ‘পিকচার পারফেক্ট’ গানগুলো তাঁকে রাতারাতি এনে দেয় খ্যাতি। রিদম অ্যান্ড ব্লুজ এই গানগুলো যেন ক্রিসের কণ্ঠের জন্যই তৈরি। একাধারে গান ও নাচে পারদর্শিতার কারণে ইদানীং তাঁকে মাইকেল জ্যাকসনের সঙ্গেও তুলনা করা হচ্ছে।
ক্রিস যেসব পুরস্কার-সম্মাননা পেয়েছেন, সেসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। গানের সব থেকে বড় স্বীকৃতি গ্র্যামিটাও পেয়েছেন তিনি। সারা দেশ তোলপাড় করেছেন একের পর এক কনসার্টে নেচে, গেয়ে। লাইভ কনসার্টের এত নেশা কেন ছেলেটার? কারণ হতে পারে, খুব কম কনসার্টেই এমনটা হয়েছে যে, মেয়েরা মঞ্চের বাইরে থেকে টেনে ধরেনি তাঁকে।
নাচ ও গানের বাইরে অভিনয়ও করেছেন ক্রিস। স্টম্প ইন দ্য ইয়ার্ড নামে একটি ছবিতে ছোট্ট একটি চরিত্রে ছিলেন তিনি। এরপর কাজ করেছেন কয়েকটি টিভি সিরিজে। ব্যক্তিগত জীবনে মারপিটের বদভ্যাস আছে। প্রেম ছিল তারকা গায়িকা রিয়ান্নার সঙ্গে। তাঁর গায়ে হাত তুলে ২০০৯ সালে জেলে যেতে হয়েছিল ক্রিসকে। পরে অবশ্য মিটমাট ও বিচ্ছেদ হয়েছে তাঁদের। জেলে গিয়েও নাকি পিটিয়েছেন বেশ কজন কয়েদিকে। এক কাউন্সিলর তো বলেই বসেছিলেন, ‘ক্রিস পিস্তল আর চাকুর ব্যবহারটা ভালো জানে’।
কিছুদিন আগেই বেরিয়েছে ক্রিসের সপ্তম অ্যালবাম। নাম রেখেছেন এক বছরের মেয়ে রয়্যালটির নামে। বেপরোয়া ক্রিসের সেই শিশুটির কিন্তু মা নেই। আর এমন জীবন নিয়ে ক্রিসের তেমন আফসোসও নেই। তিনি কারও রোল মডেল হতে চান না; বরং তাঁর চাওয়া—যদি কারও অনুপ্রেরণা হতে পারেন তাতেই খুশি। এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘আমিও আর দশজন কালো মানুষের মতো। অনূঢ়া পিতা, ট্যাটু ভালোবাসি, ঢোলা প্যান্ট পরি, মানুষের সঙ্গে মারামারি করি। আবার গৃহহীন মানুষের জন্য আমাকে যুদ্ধ করতে হয়।’
বায়োগ্রাফি ও বিলবোর্ড অবলম্বনে