ক্রিস্টাল হ্যারিসকেই বিয়ে করছেন হেফনার
গত বছরের ১৮ জুন বাগদত্তা ক্রিস্টাল হ্যারিসকে বিয়ে করতে চেয়েছিলেন ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার। কিন্তু বিয়ের মাত্র পাঁচ দিন আগে তা ভেঙে দেন ক্রিস্টাল। তবে সম্প্রতি প্রকাশিত এক খবরে টিএমজি জানিয়েছে, হেফনার-ক্রিস্টালের ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে এবং তাঁরা শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় ক্রিস্টাল তাঁর পাঁচ লাখ অনুসারীকে জানিয়েছেন, ‘প্রিয় অতীত, আমায় যথেষ্ট শিক্ষা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভবিষ্যত্, জীবনকে নতুন করে সাজানোর জন্য আমি এখন পুরোপুরি প্রস্তুত।’ ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের জুনে আবার একে-অন্যের জীবনে ফিরে আসেন ৮৬ বছর বয়সী হেফনার ও ২৬ বছর বয়সী ক্রিস্টাল। এরই মধ্যে তাঁরা নতুন করে বাগদান সম্পন্ন করেছেন। শুধু তা-ই নয়, বছরের শেষ দিনে অর্থাত্ ৩১ ডিসেম্বর বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত পাকাপাকি করেছেন তাঁরা।সূত্রটি আরও জানিয়েছে, হেফনারকে ছেড়ে যাওয়ার পর ক্রিস্টাল নিজের ভুল বুঝতে পারেন। তিনি উপলব্ধি করেন, হেফনারের ছায়া থেকে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়িয়ে থাকাটা তাঁর জন্য সত্যিই কঠিন। তাই আবার হেফনারের কাছে ফিরে এসেছেন ক্রিস্টাল। আগের যেকোনো সময়ের চেয়ে এখন তাঁরা অনেক বেশি সুখী।ঘটা করে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন হেফনার ও ক্রিস্টাল। পরিবারের সদস্য ও কাছের বন্ধুবান্ধবের উপস্থিতিতে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের কাজটি সারবেন তাঁরা। এর আগে দুবার বিয়ে করেছিলেন হেফনার। প্রথম স্ত্রী মিলড্রেড উইলিয়ামসের সঙ্গে ১৯৫৯ সালে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। পরে তিনি বিয়ে করেন প্লেবয় মডেল কিম্বারলি কনার্ডকে। দীর্ঘদিন আলাদা বসবাসের পর ২০১০ সালে চূড়ান্তভাবে দাম্পত্যের ইতি টানেন হেফনার ও কনার্ড। ক্রিস্টালের সঙ্গে হেফনারের প্রথম পরিচয় হয় ২০০৮ সালে। পরের বছরের জানুয়ারিতে তাঁরা চুটিয়ে অভিসার শুরু করেন।