ক্রিস্টেনকে নিয়ে উদ্বিগ্ন প্যাটিনসন!
নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার করে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রতারণা করায় সবাই তাঁকে ধিক্কার দিচ্ছেন। এ অবস্থায় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছেন ক্রিস্টেন। আর এ বিষয়টিই উদ্বিগ্ন করে তুলেছে প্যাটিনসনকে।ক্রিস্টেনকে ছেড়ে চলে যাবেন, নাকি সম্পর্ক টিকিয়ে রাখবেন এখন পর্যন্ত তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্যাটিনসন। প্রতিদিনই ফোনে কথা হচ্ছে তাঁদের। অবশ্য এখনো মুখোমুখি হননি তাঁরা। প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছেন ক্রিস্টেন। আর এ নিয়ে প্যাটিনসন খুবই উদ্বিগ্ন। ক্রিস্টেন কেমন আছেন, জানার জন্য বারবার ফোনে জিজ্ঞেস করছেন। কিন্তু যা ঘটেছে তার ব্যাখ্যা শোনার জন্য তিনি প্রস্তুত নন বলেই সাফ জানিয়ে দিয়েছেন ক্রিস্টেনকে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।সূত্রটি আরও জানিয়েছে, প্যাটিনসন খুব ভালোভাবেই জানেন, তিনি যেমন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, ক্রিস্টেনের অবস্থাও ঠিক সে রকম। কিন্তু তার পরও কৃতকর্মের জন্য ক্রিস্টেনকে ক্ষমা করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় কাটছে না প্যাটিনসনের। ক্রিস্টেন তাঁকে বলেছেন, ক্ষমা পাওয়ার যোগ্য তিনি নন এবং এটা তিনি আশাও করেন না। কেবল যা ঘটেছে তার ব্যাখ্যা দিতেই প্যাটিনসনের মুখোমুখি হতে চান তিনি।