ক্রিস্টেনের ওপর চটেছেন শার্লিজ থেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবিতে ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে অভিনয় করেছেন শার্লিজ থেরন। পরিচালক রুপার্ট স্যান্ডার্সের নির্দেশনায় একসঙ্গে কাজ করলেও থেরন ঘুণাক্ষরে টের পাননি ডুবে ডুবে জল খাচ্ছেন ক্রিস্টেন ও রুপার্ট। ওই ছবিতে অভিনয় করেছেন রুপার্টের স্ত্রী লিবার্টি রোজ। সম্প্রতি ক্রিস্টেনের কীর্তির খবর ফাঁস হওয়ার পর তাঁর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লিবার্টির কাছের বন্ধু থেরন। এ প্রসঙ্গে থেরনের কাছের এক সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, রুপার্টের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার বিষয়টি কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না থেরন। তিনি ভেবেই পাচ্ছেন না, ক্রিস্টেন কীভাবে এমন একটা কাণ্ড ঘটাতে পারলেন! ক্রিস্টেনের ওপর খুবই রেগেছেন থেরন।সূত্রটি আরও জানিয়েছে, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির শুটিং চলাকালে ক্রিস্টেনের সঙ্গে সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠে ৩৬ বছর বয়সী থেরনের। ক্রিস্টেনকে তিনি নিজের ছোট বোনের মতোই দেখতে শুরু করেন। নানা বিষয়ে পরস্পরকে পরামর্শ দিতেন তাঁরা। এমনকি ক্রিস্টেনকে নিজের দত্তক ছেলে জ্যাকসনের গডমাদার করার কথা ভেবেছিলেন থেরন। ক্রিস্টেনের সঙ্গে আলোচনাও করেছেন তা নিয়ে।কিন্তু এখন ক্রিস্টেনকে বিশ্বাসঘাতক বলেই মনে করছেন থেরন। এই ঘটনায় তিনি ক্রিস্টেনের ওপর খুবই ক্ষুব্ধ। এ বছর মুক্তি পেয়েছে ‘স্নো হোয়াইট অ্যান্ড হান্টসম্যান’। এ ছবিতে কাজ করতে গিয়ে এর পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ক্রিস্টেন স্টুয়ার্টের। ১৭ জুলাই চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হন এ জুটি। এটিসহ আরও কিছু ঘনিষ্ঠ ছবি ফাঁস হলে প্রকাশ্যে ক্ষমা চান রুপার্ট ও ক্রিস্টেন।