ক্রিস্টেনের কীর্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

অষ্টাদশী ‘বেলা সোয়ান’ নামেই সবাই চেনে তাঁকে। তাঁর এই আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দিয়েছে টোয়ালাইট ছবি। আর লাজুক, মিষ্টি হাসি দিয়ে ‘বেলা সোয়ান’ চরিত্রের ক্রিস্টেন স্টুয়ার্ট তখন যে কত তরুণের রাতের ঘুমের ব্যাঘাত হওয়ার কারণ হয়েছিলেন, তাঁর হিসাব কে রাখে!
কদিন আগে মুক্তি পেয়েছে ক্রিস্টেনের নতুন ছবি আমেরিকান আলট্রা। তাঁর বিপরীতে আছেন নাউ ইউ সি মি ছবির নায়ক জেসি আইজেনবার্গ। ছবিটির জন্য এরই মধ্যে প্রশংসা পেতে শুরু করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। সময়টাও এখন তাঁর দারুণ যাচ্ছে। এই তো গত বছরই ক্লাউডস অব সিলস মারিয়া ছবির জন্য জিতেছেন সিজার অ্যাওয়ার্ড। পুরস্কার নিতে এসে নাকি খুব চাপ অনুভব করেছেন তিনি। তাই উপস্থাপককে অনুরোধ করেন পুরস্কারটি ধরার জন্য!
এ তো গেল অভিনয়ের পাট, প্রেমের মাঠেও এখন ছক্কা হাঁকাচ্ছেন তিনি। রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নানাভাবে বুঝিয়েছেন, তাঁর মনের ঘরে এখনো প্যাটিনসনের বাস। কিন্তু কদিন আগেই জানা গেল তিনি এখন মন দেওয়া-নেওয়া করছেন ব্যক্তিগত সহকারী, বান্ধবী অ্যালিসিয়া কারগাইলের সঙ্গে। ক্রিস্টেনের মা হাসিমুখে মেনে নিয়েছেন মেয়ের নতুন বান্ধবীকে। আবার ওদিকে প্যাটিনসন তাঁর বাগদত্তা কে এফ এ টুইগসের সঙ্গে বিয়েটা বারবার পেছাচ্ছেন! হলিউডে গুঞ্জন, প্রতারণা করলেও ক্রিস্টেনকে এখনো মন থেকে মুছে ফেলতে পারেননি প্যাটিনসন।
বাবা-মা দুজনই ছিলেন পর্দার পেছনের মানুষ, তাই নায়িকা হওয়ার ভাবনা স্বপ্নেও ছিল না। পর্দার পেছনেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন বেশি। একবার এক সাক্ষাৎকারে ক্রিস্টেন বলেন, ‘আমি ছোটবেলায় কলম ভালোবাসতাম, তাই সারাক্ষণ শুধু অটোগ্রাফ দেওয়ার ভান করতাম। যেখানেই সুযোগ পেতাম, নিজের নাম লিখে রাখতাম। কিন্তু অভিনয় করব, জনপ্রিয় হব, সে কথা কোনো দিন কল্পনাতেও আসেনি।’
ক্রিস্টেন স্টুয়ার্ট প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান একদম ছোটবেলায়, মাত্র আট বছর বয়সে। এরপর ছোটখাটো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তবে সেভাবে নজর কাড়তে পারেননি। কিন্তু সব হিসাব বদলে যায় যখন ডাক পান ‘বেলা সোয়ান’ চরিত্রটি করার জন্য। প্রাথমিক বাছাইয়ে অস্কার বিজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সকে পেছনে ফেলে মাত্র ১৭ বছর বয়সে সুযোগ পান এ চরিত্রে অভিনয়ের।
পাঁচ বছরের অভিনয়জীবনে তুমুল প্রেম জমে সহশিল্পী রবার্ট প্যাটিনসনের সঙ্গে। পর্দার বেলা-এডওয়ার্ডের মতোই স্বপ্নিল সেই সম্পর্ক ২০১২ সালে ভেঙে যায়। কারণ তখন জানা যায়, পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে গোপন প্রেমে জড়িয়েছেন ক্রিস্টেন। এর জন্য অনেক কটু কথা আর সমালোচনা সহ্য করতে হয়েছে তাঁকে। কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন।
ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, ‘বয়স আমাকে পরিণত করেছে। আমি এখন না বলতে শিখেছি।’
হলিউডে এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিস্টেন স্টুয়ার্ট, কিন্তু প্রিয় বই থেকে তৈরি অন দ্য রোড ছবির জন্য নামমাত্র সম্মানী নিয়েছেন। শুধু যে তিনি অভিনয় পারেন তা নয়, পোল নাচ করেন, কবিতা লেখেন, ছবি তোলেন, নিজের স্টান্ট নিজে করেন। তাঁর জনপ্রিয়তা বোঝানোর জন্য একটা ঘটনাই যথেষ্ট। মধ্যপ্রাচ্যের এক রাজপুত্র মাত্র ১৫ মিনিট তাঁর সাথে কথা বলার বিনিময়ে ঘূর্ণিঝড়দুর্গতদের জন্য পাঁচ লাখ ডলার দিয়েছেন। তাহলে বুঝুন ব্যাপারটা!
ডেইলি মেইল, আইএমডিবি, মিরর ইউকে অবলম্বনে