ক্রিস্টেনের নজর এবার প্যাট্রিক শোয়ার্জেনেগারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগারের ছেলে প্যাট্রিক শোয়ার্জেনেগারকে পটানোর চেষ্টা করছেন ‘টোয়াইলাইট’খ্যাত মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে স্টার ম্যাগাজিন।‘টোয়াইলাইট’ সহ-অভিনেতা ও কাছের বন্ধু টেইলর লটনারের জন্মদিন উপলক্ষে গত ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। সেখানেই তাঁর নজরে আসেন ১৯ বছর বয়সী মডেল ও অভিনেতা প্যাট্রিক। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে প্যাট্রিককে দেখার পর থেকেই তাঁর পিছু নেন ২২ বছর বয়সী ক্রিস্টেন। তিনি প্যাট্রিককে পটানোর সব রকম চেষ্টাই করেন। বেশ খানিকটা সময় তাঁদের অন্তরঙ্গভাবে মিশতে দেখা যায়। সেসময় তাঁদের ভেতর বোঝাপড়াটাও ছিল দারুণ।সূত্রটি আরও জানিয়েছে, ক্রিস্টেন-প্যাট্রিকের দহরম-মহরম নজরে পড়ে সেখানে উপস্থিত সবার। এর পরিপ্রেক্ষিতে তাঁদের অনেকে মজা করে মন্তব্য ছুড়ে দিয়ে বলেন, একান্তে সময় কাটানোর সুযোগ করে দেওয়া উচিত নতুন এ জুটিকে।প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনের পরকীয়ার খবর ও ছবি ফাঁস হওয়ার পর ক্রিস্টেনকে ছেড়ে চলে গিয়েছিলেন রবার্ট প্যাটিনসন। পরে বারবার অনুতাপ প্রকাশ করে প্যাটিনসনের ক্ষমা পেলেও কিছুদিন আগে আবার চির ধরে তাঁদের সম্পর্কে। ‘দ্য রোভার’ ছবির শুটিংয়ের কাজে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন প্যাটিনসন। প্রেমিককে মানাতে সেখানে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন ক্রিস্টেন। কিন্তু তাঁর সঙ্গে দেখা করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন প্যাটিনসন। বারবার এসএমএস এবং ফোনে যোগাযোগের চেষ্টা করলেও দীর্ঘদিনের প্রেমিক ও সহকর্মীর কাছ থেকে কোনো রকম সাড়া পাচ্ছেন না প্রতারণার দায়ে অভিযুক্ত ক্রিস্টেন।