ক্রিস্টেনের বাড়িতে থাকছেন প্যাটিনসন

‘টোয়ালাইট’ তারকা জুটি রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমের সম্পর্ক চুকেবুকে গেছে অনেক আগেই। কিন্তু এখনো বন্ধুত্বের সম্পর্ক ধরে রেখেছেন তাঁরা। ইদানীং প্রায়ই লস অ্যাঞ্জেলেসে সাবেক প্রেমিকার বাড়িতে থাকছেন প্যাটিনসন। তবে তাঁরা পুনর্মিলনের পথে হাঁটেননি এবং এখন তাঁদের মধ্যে বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন এই জুটির কাছের সূত্র।
লস অ্যাঞ্জেলেসে প্যাটিনসনের নিজের কোনো বাড়ি নেই। কাজ কিংবা অন্য কোনো প্রয়োজনে শহরটিতে গেলে সাধারণত হোটেলে ওঠেন তিনি। ইদানীং ক্রিস্টেনের বাড়িতেও থাকছেন তিনি। তবে ক্রিস্টেন লস অ্যাঞ্জেলেসের বাইরে গেলেই কেবল তাঁর বাসায় থাকছেন ২৮ বছর বয়সী এ ব্রিটিশ অভিনেতা। বন্ধুত্বের খাতিরে খুশিমনেই নিজের বাড়িতে প্যাটিনসনকে থাকার অনুমতি দিয়েছেন ২৪ বছর বয়সী ক্রিস্টেন। প্রেম ভেঙে গেলেও এখনো তাঁরা কাছের বন্ধু। বন্ধুত্বের খাতিরে একে অন্যের জন্য যেকোনো কিছু করতে রাজি আছেন তাঁরা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
এদিকে সম্প্রতি নিজেকে গৃহহীন দাবি করেছেন প্যাটিনসন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি টরন্টোতে ছবির শুটিংয়ের কাজে গিয়েছিলাম। তখন লস অ্যাঞ্জেলেসে আমার বাড়িতে ওঠেন আমার বাবা-মা। অবশ্য বাড়িটি আমার নিজের নয়, আরেকজনের। টরন্টো থেকে ফেরার পর বাড়িটি থেকে আমাকে বের করে দিয়েছেন আমার বাবা-মা। সেই অর্থে এখন আমি পুরোপুরি গৃহহীন।’
প্রসঙ্গত, ‘টোয়াইলাইট’ সিরিজের ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ক্রিস্টেন ও প্যাটিনসনের মধ্যে। টানা চার বছর চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। কিন্তু ২০১২ সালে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির নির্মাতা রুপার্ট স্যান্ডারস এবং ক্রিস্টেনের পরকীয়ার খবর ও ছবি ফাঁস হওয়ার পর ঝড় ওঠে ক্রিস্টেন-প্যাটিনসনের সম্পর্কে। পরে বেশ কয়েকবার সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতেছে ‘টোয়াইলাইট’খ্যাত এ তারকা প্রেমিক যুগল। গত বছরের ১৩ মে ছিল প্যাটিনসনের ২৭তম জন্মদিন। ওই দিন ক্রিস্টেনকে পাঠানো রুপার্টের একটি এসএমএস চোখে পড়ার পর ক্রিস্টেনের সঙ্গে চার বছরের প্রেমের চূড়ান্ত ইতি টানেন প্যাটিনসন।