নতুন নাটকের মহড়া চলছে। নির্দেশক হঠাৎ মহড়া থামিয়ে দিলেন। সবাই অবাক, মহড়া যখন পূর্ণ গতিতে চলছে তখন মহড়া থামিয়ে দেওয়ার কারণ কী? নির্দেশক অভিনেতাদ্বয়কে লক্ষ করে বলতে শুরু করলেন, ‘তোমাদের অভিনয় দেখে মনে হচ্ছিল যেন পুতুলনাচ দেখছি। পুতুল যেমন সুতার টানে লাফায়-ঝাঁপায়, তোমরাও তা-ই করছ।’অভিনেতাদের একজন খানিকটা সাহস করে নির্দেশককে জিজ্ঞেস করলেন, ‘আমাদের ভুলগুলো যদি একটু ধরিয়ে দিতেন তা হলে ভালো হতো।’ নির্দেশক বলতে শুরু করলেন, ‘মনে করো তোমার কিছু প্রয়োজন কিংবা তুমি কিছু পেতে চাইছ, ধরা যাক তুমি পিপাসিত কিংবা ক্ষুধার্ত অথবা তুমি চাইছ একটুখানি তাজা বাতাস। তা তোমার প্রয়োজন যা-ই হোক, তোমার এই চাহিদা যখন তীব্র হবে, তখনই তুমি উঠে গিয়ে এক গ্লাস পানি বা খাবার খাবে কিংবা জানালা-দরজা খুলে দিয়ে বাতাস ঢুকতে দেবে। তুমি কাজটা করেছ আর তার ফলে একটা ঘটনা ঘটল। তুমি একটা চাহিদা অনুভব করলে, এটাকে অনেকে বলে থাকেন স্টিমুলাস। সে যা-ই হোক তোমার এই অনুভূত চাহিদা তোমার শরীরে শক্তি উৎপাদন করল, যা তোমাকে দিল একটা উদ্দেশ্য বা ইনটেনশন। এ ক্ষেত্রে তোমার স্টিমুলাস বা উদ্দীপনা সম্পূর্ণত অভ্যন্তরীণ। কিন্তু নাটকের ক্ষেত্রে এ রকম খাঁটি, অভ্যন্তরীণ উদ্দীপনা খুবই বিরল।’ অভিনেতা দুজনের জন্য বিষয়টা বেশ জটিল মনে হচ্ছিল, ‘তা হলে এই উদ্দীপনা কোথা থেকে পাব?’নির্দেশক আবার বলতে শুরু করলেন, ‘বেশ ভালো একটা প্রশ্ন করেছ। বেশির ভাগ ক্ষেত্রেই মঞ্চে এই উদ্দীপনা আসে প্রতিক্রিয়া থেকে। আরেকটু খোলাসা করে বলি, এটা আসে মঞ্চে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে। সত্যি বলতে কি এই উদ্দীপনার অধিকাংশই সৃষ্টি হয় মঞ্চের অন্য চরিত্রের ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে।’ এটুকু বলে নির্দেশক থামলেন।নাট্যকার এতক্ষণ চুপচাপ বসে খুব মনোযোগ দিয়ে নির্দেশকের কথা শুনছিলেন। বিষয়টা তাঁর খুব মনে ধরেছে। আর তাই নির্দেশককে উসকে দিতে বললেন, ‘থেমে গেলেন কেন? এ বিষয়টাকে আপনি কী বলতে চান?’ নির্দেশকের সহজ উত্তর, ‘ক্রিয়ার অন্দরমহল’। নাট্যকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘বাহ, বেশ বলেছেন তো ক্রিয়ার অন্দরমহল।’নির্দেশক হাসতে হাসতে মাথা নাড়লেন, ‘হ্যাঁ, অন্দরমহল। আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিংবা মঞ্চে যত রকম ক্রিয়া-প্রতিক্রিয়া কিংবা ঘটনা প্রত্যক্ষ করি তার পেছনে এই অন্দরমহলের কারসাজি অনেকখানি। এই বিষয়টা একজন অভিনেতা বা অভিনেত্রী যত বেশি অনুধাবন করতে পারবেন, তিনি তত ভালো করে অভিনয়টি করতে পারবেন। তা হলে আমরা দেখতে পাচ্ছি একজন অভিনয়শিল্পীর জন্য উদ্দীপ্ত হওয়া বা স্টিমুলাসের ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।’ নাট্যকারের মাথায় একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল, ‘তা হলে কি ব্যাপারটা এ রকম, উদ্দীপ্ত হয়ে গেলাম আর ক্রিয়া করে বসলাম?’নির্দেশক মৃদু হাসলেন, ‘না, ব্যাপারটা ঠিক এ রকম সহজ-সরল নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তা হলো পছন্দ। উদ্দীপ্ত হওয়ার পর একজন অভিনেতার সামনে অনেক বিকল্প ভাসতে থাকে। অভিনেতা সেখান থেকে পছন্দমতো একটিকে বেছে নেন। এই বাছাইপর্বটি যত ভালো হয় অভিনয়টিও তত মানসম্পন্ন হয়।’ তা হলে একটা বিষয় মোটামুটি পরিষ্কার আর তা হলো এ রকম পছন্দের মাঝ থেকে সঠিক ক্রিয়াটি বাছাই করা, এটাই হলো একটি ক্রিয়ার সম্পূর্ণ প্রক্রিয়া। এভাবেই একজন অভিনেতা অসংখ্য ক্রিয়ার মাধ্যমে নাটকের লক্ষ্যের দিকে ধাবিত হন। যখন সম্পূর্ণ প্রক্রিয়াটি ভালোভাবে বাস্তবায়িত হতে থাকে তখন অভিনয়টাও প্রাণবন্ত হয়। আর এর ব্যতিক্রম হলে পুতুলনাচের মতোই মনে হয়। নাট্যকার বেশ মজা পাচ্ছিলেন, ‘আপনার কথায় বুঝতে পারলাম পছন্দের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সে সম্পর্কে কিছু বলুন না?’ নির্দেশক একটু হাসলেন, তারপর বললেন, ‘থাক, আজ আর না, আরেক দিন।’