
মঞ্চে নতুন নাটক এনেছে নাগরিক নাট্যাঙ্গন। এবার তারা নাটকের জন্য বেছে নিয়েছে কথাশিল্পী শওকত ওসমানের উপন্যাস ক্রীতদাসের হাসি। আইয়ুব খানের অপশাসনের যে গল্পটি খলিফা হারুন অর রশিদের চরিত্রের মাধ্যমে চিত্রায়ণ করা হয়েছে, তা যেন আজও ভাস্বর। সেই নাটকে হাসল না ক্রীতদাস। আইয়ুবি অপশাসন যেন ধরা রইল নাটকের ভাঁজে ভাঁজে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল ক্রীতদাসের হাসি নাটকের দ্বিতীয় মঞ্চায়ন। এর আগে ২ জানুয়ারি শওকত ওসমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে। লাকী ইনামের নির্দেশনায় এর নাট্যরূপ দিয়েছেন হৃদি হক।
লাকী ইনাম প্রথম আলোকে বলেন, ‘অসম্ভব মেধাবী সাহিত্যিক ছিলেন শওকত ওসমান। তিনি খলিফা হারুন অর রশিদের গল্পের মধ্য দিয়ে রূপকার্থে তুলে এনেছেন আইয়ুব খানকে। যার শাসন বাংলার মানুষ মেনে নেয়নি। আমরা সেই গল্পটিকেই নাট্যরূপ দিয়েছি।’
নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন নাগরিক নাট্যাঙ্গনের একঝাঁক শিল্পী।