ক্রুজের জন্য সঙ্গী খুঁজছে চার্চ অব সাইন্টোলজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম ক্রুজ
টম ক্রুজ
‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজকে আবারও জীবনসঙ্গী খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়েছে চার্চ অব সাইন্টোলজি। এরই মধ্যে ক্রুজের সম্ভাব্য জীবনসঙ্গী নাকি খুঁজেও পাওয়া গেছে। তাঁর নাম প্রকাশ করা না হলেও জানা গেছে, তিনি একজন অভিনয়শিল্পী এবং সাইন্টোলজি ধর্মের অনুসারী। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘নিউইয়র্ক পোস্ট’।

গত বছরের জুনে টম ক্রুজের সঙ্গে দাম্পত্যের ইতি টেনেছেন কেটি হোমস। সেই থেকে একাই আছেন ক্রুজ। কেটি ও ক্রুজের প্রথম সাক্ষাতের বিষয়টি আজ পর্যন্ত রহস্য রয়ে গেলেও চার্চ অব সাইন্টোলজিই যে ক্রুজের জন্য কেটিকে খুঁজে দিয়েছিল, তা ফলাওভাবে প্রচারিত হয়েছে। 

যে সাইন্টোলজির কারণে ক্রুজকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন, সেই সাইন্টোলজির দোহাই দিয়েই ক্রুজের কাছ থেকে দূরে সরে গেছেন কেটি। বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে তিনি ক্রুজের সাইন্টোলজি ধর্মবিশ্বাসকেই দায়ী করেছিলেন। তাঁদের একমাত্র মেয়ে সুরি যাতে কোনোভাবেই সাইন্টোলজি ধর্মে দীক্ষিত হতে না পারে, মূলত সে জন্যই ক্রুজের সঙ্গে বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেন কেটি।

বিচ্ছেদের পর কেটিকে ফিরে পাওয়ার সব রকম চেষ্টাই করেছেন ক্রুজ। কিন্তু কোনো লাভ হয়নি। আর তাই এবার নতুন সঙ্গী নিয়ে নতুন জীবন শুরু করতে চান ক্রুজ। সঙ্গী হিসেবে তিনি এমন কাউকে খুঁজছেন, যিনি অন্তত পাঁচ বছর চার্চ অব সাইন্টোলজির সদস্য ছিলেন।

জানা গেছে, বিনোদনশিল্পের সঙ্গে সম্পৃক্ততা আছে, এমন কারও সঙ্গেই সম্পর্কে জড়াতে চান তিনি।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ক্রুজ এবার আর কোনো ঝুঁকি নিতে চান না। সম্পর্কে জড়ানোর আগেই সবকিছু পরিষ্কার করে নিতে চান তিনি। নানা কারণে ক্রুজকে কিছুটা বিশৃঙ্খল জীবন যাপন করতে হয়। তাঁর এমন জীবনধারার সঙ্গে যিনি খাপ খাওয়াতে পারবেন, তাঁকেই জীবনসঙ্গী নির্বাচন করবেন ক্রুজ।

এরই মধ্যে ক্রুজকে তাঁর মনের মতো নতুন সঙ্গী খুঁজে দেওয়ার কাজ শুরু করেছে চার্চ অব সাইন্টোলজি। একজন সম্ভাব্য প্রার্থীও নাকি খুঁজে পাওয়া গেছে। তিনি ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’খ্যাত মার্কিন অভিনেত্রী লরা প্রেপনের বন্ধু। সম্প্রতি সাইন্টোলজি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রুজের সঙ্গে তাঁর সম্ভাব্য নতুন সঙ্গীর পরিচয়ও করিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মার্কিন মডেল ও অভিনেত্রী জেসিকা হোয়াইটের সঙ্গেও ক্রুজের সখ্যের খবর শোনা গেছে। জেসিকাও সাইন্টোলজি ধর্মের অনুসারী।

কেটির আগে ২০০৪ সালের শেষের দিকে ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী নাজনিন বোনিয়াদিকে ক্রুজের প্রেমিকা নির্বাচন করেছিল চার্চ অব সাইন্টোলজি। অবশ্য ক্রুজের প্রেমিকা হিসেবে বোনিয়াদি তিন মাসের বেশি দায়িত্ব পালন করতে পারেননি। মন জয় করতে না পারায় বোনিয়াদিকে ছুড়ে ফেলে দিয়েছিলেন ক্রুজ। প্রেমে ব্যর্থ হওয়ায় বোনিয়াদিকে নাকি অদ্ভুত সব শাস্তি দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘শাস্তি হিসেবে দাঁত মাজার ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করেছি, এসিড দিয়ে স্নানঘরের টাইলস ধুয়েছি। এমনকি মধ্যরাতে আমাকে দিয়ে গর্ত খোঁড়ার কাজও করানো হয়েছে।’ অবশ্য চার্চ অব সাইন্টোলজির পক্ষ থেকে বোনিয়াদিকে শাস্তি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলা হয়েছে, ‘চার্চ কখনোই মানুষকে শাস্তি দেয় না, বিশেষ করে এমন নিষ্ঠুর পন্থায় তো নয়ই।’

২০০৫ সালের এপ্রিলে ক্রুজের জীবনে আসেন হলিউডের অভিনেত্রী কেটি হোমস। পরের বছরের এপ্রিলে কন্যা সুরির জন্ম দেন কেটি। ছয় মাস পর নভেম্বরে ইতালিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেটিকে বিয়ে করেন ক্রুজ। স্বামী-সন্তানকে নিয়ে সুখেই সংসার করতে থাকেন কেটি। কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় গত বছরের ২৯ জুন হঠাত্ করেই বিচ্ছেদের আবেদন করে সবাইকে চমকে দেন কেটি। ক্রুজের ৫০তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে তিনি এই কাণ্ড ঘটান। সে সময় আইসল্যান্ডে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন ক্রুজ। বিচ্ছেদের আবেদনের দুই মাস পর আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী একমাত্র মেয়ে সুরির দেখভালের সম্পূর্ণ দায়িত্ব পান কেটি।

প্রসঙ্গত, কল্পবিজ্ঞান গল্পের বিখ্যাত লেখক এল রন হাবার্ডের কিছু আদর্শ নিয়ে ১৯৫২ সালে প্রথম সাইন্টোলজি ধর্মের উদ্ভব হয়। পরের বছর প্রতিষ্ঠিত হয় চার্চ অব সাইন্টোলজি। মূলত হাবার্ডের ‘ডাইনেটিকস’ বইয়ের ভাবনার ওপর ভিত্তি করে জন্ম নেয় নতুন এ ধর্ম। ডাইনেটিকস হলো, শরীরের সঙ্গে মন বা আত্মার একটি সম্পর্ক। ডাইনেটিকসের উদ্দেশ্য হলো মানুষের মন বা আত্মার কিছু চিন্তা-ভাবনা নিয়ন্ত্রণ করা, যা দিয়ে মানুষ কষ্ট পায়। কোনোভাবে এটা থেকে মুক্তি যদি মিলে যায়, তাহলে মানুষের জীবন হয়ে ওঠে অনেক সুন্দর। সাইন্টোলজি ধর্মের অনুসারীরা এই আদর্শই মেনে চলেন। তাঁদের মতে, এই ধর্ম হলো সত্যকে খোঁজার ধর্ম। পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তি ও হলিউডের তারকা এই ধর্মের অনুসারী। এই দলে টম ক্রুজ, জন ট্রাভোল্টা, জ্যাসন লির মতো তারকা থেকে শুরু করে জেমস প্যাকারের মতো ধনাঢ্য ব্যক্তিরাও আছেন।