ক্রুদ্ধ পরিবেশে মুক্ত হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্মি স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া চার দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত উত্সবে সংগীত পরিবেশন করেন গিরিজা দেবী ষ ছবি: প্রথম আলো
আর্মি স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া চার দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত উত্সবে সংগীত পরিবেশন করেন গিরিজা দেবী ষ ছবি: প্রথম আলো

বড়ই উৎকণ্ঠার মধ্য দিয়ে কেটেছে গত তিনটি দিন। অবরোধে মন্থর জীবনযাত্রা। হানাহানিতে ক্রুদ্ধ পরিবেশ। সেই প্রায় দমবন্ধ পরিস্থিতিতে যেন একঝলক মুক্ত হাওয়া এনে দিয়েছিল বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অবরোধের বিরূপ পরিস্থিতি সত্ত্বেও অনুষ্ঠান শুরুর আগেই সংগীতানুরাগী শ্রোতারা আসতে থাকেন আর্মি স্টেডিয়ামে। উপমহাদেশের প্রখ্যাত শিল্পীদের গান শোনার আনন্দের পাশাপাশি মনের ওপর চেপে বসা উদ্বেগের গুরুভারও লাঘবের সুযোগ করেছিল এই আয়োজন।
বেঙ্গল ফাউন্ডেশন উচ্চাঙ্গসংগীতের এই উৎসব আয়োজন করেছে কলকাতার সংগীত রিসার্চ একাডেমির সঙ্গে। এর সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো। সহযোগিতা দিচ্ছে দ্য ডেইলি স্টার, এবিসি রেডিও এবং সম্প্রচার সহযোগিতায় রয়েছে মাছরাঙা টেলিভিশন। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস অধ্যাপক আবদুর রাজ্জাককে।
গতকাল সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো চার দিনের এই উৎসব শুরু হয় চর্যাপদ থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলা গানের ক্রমবিবর্তনের ওপর একটি নান্দনিক কোরিওগ্রাফি পরিবেশনের মধ্য দিয়ে। অভিনয় ও নৃত্যের মধ্য দিয়ে শিল্পীরা সংগীতের বিবর্তনের ধারাটি তুলে ধরেন। এটি প্রযোজনা করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গতবারের মতোই পুরো আর্মি স্টেডিয়াম সাজানো হয়েছে উৎসবের বর্ণাঢ্য সজ্জায়। মাঠের মাঝখানে বিশাল মঞ্চ। পশ্চিমে এক সারি স্টল। সেখানে রয়েছে প্রথমা প্রকাশন, ডেইলি স্টার, বেঙ্গল ফাউন্ডেশনের প্রকাশনা। দক্ষিণ পাশে প্রখ্যাত সংগীতসাধকদের ছবি এবং তাঁদের পরিচিতিসংবলিত তথ্যের প্রদর্শনীর ব্যবস্থা। পূর্ব দিকে খাবারের স্টলের সারি, পাশেই ছাউনির তলায় টেবিল-চেয়ার পেতে খাবারের ব্যবস্থা। উৎসব চলবে সারা রাত। চিত্তের ক্ষুধা মেটানোর পাশাপাশি তাই পেটের ক্ষুধা মেটানোর আয়োজনটিও রাখা হয়েছে চমৎকার ব্যবস্থাপনায়। আবার খেতে গিয়ে যেন অনুষ্ঠান থেকে বঞ্চিত না হতে হয়, সে জন্য খাবারের জায়গাতেও রাখা হয়েছে বিশালাকার ডিজিটাল পর্দা।

উচ্চাঙ্গসংগীত উত্সবে কত্থক নৃত্য পরিবেশন করছেন বিশাল কৃষ্ণ ষ ছবি: প্রথম আলো
উচ্চাঙ্গসংগীত উত্সবে কত্থক নৃত্য পরিবেশন করছেন বিশাল কৃষ্ণ ষ ছবি: প্রথম আলো

গতবারের মতো এবারও প্রথম দিন থেকেই জমে উঠেছে উৎসব। সন্ধ্যার আঁধার যেমন ঘনিয়ে আসছিল ক্রমেই, তেমনি একে একে দর্শকের অংশগ্রহণে মঞ্চের সামনের আসনও ভরে উঠছিল। অনলাইনে আগাম নাম নিবন্ধনের মাধ্যমে দর্শকেরা এই উৎসবে অংশ নিচ্ছেন। কে কোন পথ দিয়ে প্রবেশ করবেন, তা নিবন্ধনপত্রেই উল্লেখ ছিল বলে কারও কোনো অসুবিধা হয়নি। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টই ছিলেন দর্শকেরা।
চর্যাপদের থেকে বাংলা গানের বিবর্তনমূলক কোরিওগ্রাফির পর ছিল বেনারস ঘরানার শিল্পী বিশাল কৃষ্ণের কত্থক নৃত্য। তাঁর সঙ্গে কণ্ঠসংগীতে ছিলেন দেবাশীষ সরকার, তবলায় কুশল কৃষ্ণ, সেতারে জয়ন্ত চক্রবর্তী ও বোলে মোহন কৃষ্ণ। বিশাল কৃষ্ণ শুরু করেছিলেন দেবী-বন্দনা দিয়ে। এরপর তিনি বেশ কয়েকটি তেহাই, তারানা, ময়ূর নৃত্য, ঘোড়ার চলন এবং থালার ওপর একটি বিশেষ নৃত্য দিয়ে শেষ করেন।
নৃত্যের পর ছিল আনুষ্ঠানিক উদ্বোধনের পালা। প্রধান অতিথি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ উৎসবের উদ্বোধন করে বলেন, ‘আমি আশা করি, এই উৎসব আগামী বছরগুলোতে নিয়মিতভাবে চলবে। উপমহাদেশের উচ্চাঙ্গসংগীতের ক্ষেত্রে এই উৎসব নবজাগরণ সৃষ্টি করবে। উচ্চাঙ্গসংগীত আমাদের ভাবলোক শাণিত করবে। নতুন প্রজন্মের মধ্য থেকে প্রতিভাবান শিল্পী সৃষ্টি হবে।’
বিশেষ অতিথি বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, এ ধরনের উৎসবের মধ্য দিয়ে সাংস্কৃতিক আদান-প্রদানে মানুষে-মানুষে সম্পর্ক নিবিড় হয়ে ওঠে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ।
সংগীত রিসার্চ একাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর বলেন, গত বছর কলকাতায় সংগীত রিসার্চ একাডেমিতে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে প্রথমবারের মতো নয় দিনের বাংলা গানের উৎসব হয়েছে। এই আদান-প্রদানের মধ্য দিয়ে সংগীত চর্চার বিকাশ এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হবে।

স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, এই উৎসবের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, এ দেশে উচ্চাঙ্গসংগীতের শ্রোতা বিপুল।

বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের শ্রোতাদের স্বাগত জানান এবং অনুষ্ঠানের সহযোগিতা দেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চে আসেন বিদুষী গিরিজা দেবী। তিনি যোগকোষ রাগে খেয়াল দিয়ে পরিবেশনা শুরু করেন। এরপর পরিবেশন করেন ঠুংরি ‘আও পিয়া মেরি ঘর...’।

গত রাতের পরিবেশনার মধ্যে আরও ছিল গৌতম সরকার, ইফতেখার আলম প্রধান, স্বরূপ হোসেন ও জাকির হোসেনের তবলা বাদন, অয়ন সেনগুপ্তের সেতার, বিদুষী কৌশিকী চক্রবর্তীর কণ্ঠসংগীত, তেজেন মজুমদার সরোদ, পণ্ডিত রাজন ও পণ্ডিত সাজন মিশ্রের কণ্ঠসংগীত। অনুষ্ঠান সঞ্চালনা করেন অপি করিম।

গ্রন্থের মোড়ক উন্মোচন: উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল পাবলিকেশন থেকে প্রকাশিত জ্ঞানতাপস অধ্যাপক আবদুর রাজ্জাক স্মারকগ্রন্থ-এর মোড়ক উন্মোচন করা হয়। অধ্যাপক আবদুর রাজ্জাকের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত এই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান, আবদুর রাজ্জাকের ভ্রাতৃবধূ মমতাজ খালেক। অনুষ্ঠানে আবদুর রাজ্জাকের জীবন ও কাজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন আনিসুজ্জামান।

আজকের অনুষ্ঠান: আজ শুক্রবার অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। এদিনের অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে পণ্ডিত বারীন মজুমদারকে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। বিদুষী আলারমেল ভাল্লির ভরতনাট্যম নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পরে সেতার বাদন করবেন সাকেত সাহু। কর্ণাটকি সংগীত পরিবেশন করবেন বিদুষী বম্বে জয়শ্রী। বাংলাদেশের অসিত দে পরিবেশন করবেন কণ্ঠসংগীত। সেতার বাদন করবেন পণ্ডিত পূর্বায়ণ চট্টোপাধ্যায়। কণ্ঠসংগীত পরিবেশন করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী।