ক্রেইগের ঝুলিতে আরও দুই ‘বন্ড’
স্কাইফল’ ছবির ব্যাপক সাফল্যের পর সম্প্রতি ‘জেমস বন্ড’ সিরিজের পরবর্তী দুটি বন্ড ছবির নামভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন ড্যানিয়েল ক্রেইগ। আকাশছোঁয়া সাফল্য পেয়েছে ক্রেইগ অভিনীত জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’। গত বছরের অক্টোবরে মুক্তি পাওয়ার পর বক্স অফিস থেকে ১.১ বিলিয়ন ডলার তুলে বন্ড ছবির ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছে ‘স্কাইফল’। এই সাফল্যের রেশ ধরে বন্ড সিরিজের পরবর্তী দুটি ছবিতেও অন্তর্ভুক্ত হলেন ৪৫ বছর বয়সী ব্রিটিশ বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ। এরই মধ্যে আগামী তিন বছরের মধ্যে বন্ড সিরিজের পরবর্তী ছবি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে এমজিএম। ‘স্কাইফল’-এর ব্যাপক সাফল্যের পরও বন্ড সিরিজের পরবর্তী ছবি পরিচালনার প্রস্তাবে রাজি না হওয়ায় এখন নতুন পরিচালক খুঁজছে প্রতিষ্ঠানটি। আশা করা হচ্ছে, শিগগিরই নতুন পরিচালকের নাম প্রকাশ করবে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সংস্থা এমজিএম। জানিয়েছে ‘নিউইয়র্ক ডেইলি নিউজ’। বন্ড সিরিজের পরবর্তী ছবি প্রসঙ্গে এমজিএম চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি বারবার জানান, বন্ড সিরিজের ২৪তম ছবি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ছবির চিত্রনাট্য লেখার কাজ পুরোদমে এগিয়ে চলেছে। তবে ছবির কলাকুশলী কিংবা অন্যান্য বিষয়ে বিস্তারিত কিছু জানাননি গ্যারি বারবার।