ক্রো একটা গল্প শোনাতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য ওয়াটার ডিভাইনার’ ছবির পোস্টার
‘দ্য ওয়াটার ডিভাইনার’ ছবির পোস্টার

দ্য ওয়াটার ডিভাইনার? এর চেয়ে বরং তুর্কি নামটাই ভালো। সন উমুত, মানে কিনা শেষ আশা!
এই শেষ আশাটাকেই পুঁজি করে জশুয়া কনোর তাঁর ভিটেমাটি সব বিক্রি করে অস্ট্রেলিয়া থেকে পাড়ি দেন সুদূর তুরস্ক। উদ্দেশ্য একটাই, যুদ্ধে গিয়ে নিখোঁজ তাঁর তিন সন্তানকে খুঁজে বের করা। জীবিত যদি না-ও পাওয়া যায়, অন্তত তাদের মরদেহ...মরদেহও কি আর আছে! হাড়গোড়-কঙ্কাল।
ঘটনা ১৯১৯ সালের। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। আর এমনই ঘটনা নিয়ে ছবি বানিয়েছেন রাসেল ক্রো। ক্রো ছবি বানিয়েছেন, তথ্যটা তাঁর ভক্তদের চমকে দিতে পারে। চমকে দেওয়ার মতোই। তিন দশকের ক্যারিয়ারে এই প্রথম ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন তিনি। পরিচালক হিসেবে অভিষেক হলো তাঁর। তাঁর কাছে দারুণ একটা গল্প আছে। সেই গল্পটাই তিনি শোনাতে চান।
ছবির গল্প হিসেবে ইতিহাসনির্ভর কিংবা সত্যি ঘটনা ক্রোর খুবই পছন্দ। প্রথম অস্কার এনে দেওয়া গ্ল্যাডিয়েটর তো সেই রোমান সাম্রাজ্যের গল্প। টানা দ্বিতীয় বছর অস্কার মনোনয়ন যে পেয়েছিলেন, সেটাও সত্যি কাহিনি অবলম্বনে নির্মিত ছবি এ বিউটিফুল মাইন্ড-এর জন্য। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ মন্দার সময়টায় এক খ্যাতিমান বক্সারের পথে বসা, কুলির জীবন বেছে নেওয়া, সেখান থেকে আবার দুর্দান্তভাবে বক্সিংয়ে ফিরে আসার গল্প শুনিয়েছেন সিনডারেলা ম্যান।
ফলে প্রথমবার পরিচালনা করতে এসে ক্রো যে এমনই কোনো গল্প খুঁজবেন, তা তো জানা কথাই। ইতিহাসনির্ভর মানে কিন্তু ইতিহাসের কচকচানি নয়। সেখানে থাকতে হবে একটা মানবিক গল্প। আর এক প্রায় বৃদ্ধ পিতা, জীবনের শেষ বেলায় যে তাঁর নাতিপুতিদের সঙ্গে হুটোপুটি করে সময় কাটাবে, জঙ্গলে গিয়ে পিকনিক কিংবা শিকার করবে; সেই বৃদ্ধ কিনা সব ছেড়েছুড়ে সুদূর এক দেশে পাড়ি দিচ্ছেন এই আশায়, যদি তিন ছেলের হাড়গোড়টাও মেলে!
গল্পটা কি করুণ শোনাচ্ছে? ট্র্যাজিক? এইখানেই গল্পটার মজা। একজন অস্ট্রেলীয়র কাছে তুরস্ক ভিন্ন একটা জগৎ। সেখানকার আবহাওয়া, সেখানকার প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, ভাষা—এ যেন নতুন এক দুনিয়া।
ইস্তাম্বুলে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে পরিচয় জয় জশুয়ার। যাঁরা নিজেরাও বিগত যুদ্ধের ক্ষত দিয়ে বেঁচে আছেন। যুদ্ধ সাদা-কালো চেনে না। যুদ্ধ শিশু-বৃদ্ধ বোঝে না। যুদ্ধ অস্ট্রেলীয় কিংবা তুর্কি মানে না। যুদ্ধ মানেই অগণন মৃত্যু। ধ্বংস। আর্তনাদ। হাহাকার।
এমনই হাহাকার নিয়ে বেঁচে আছে আয়শি, সুন্দরী, স্বামীহীন হোটেল মালিক। একমাত্র সন্তানকে নিয়ে যাঁর জীবন। জশুয়ার সঙ্গে পরিচয় হয় ওরহানের, দারুণ দোস্তিও জমে দুজনের। এবং মেজর হাসান, যে কিনা মাত্রই কদিন আগে জশুয়ার ছেলেদের বিরুদ্ধে যুদ্ধ করেছে।
শুরু হয় তুরস্কে জশুয়ার যাত্রা। সেখান থেকে সে কি হাড়গোড় নিয়ে ফিরবে, নাকি জীবনের নতুন মানে?
পরিচালনার পাশাপাশি জশুয়া চরিত্রে অভিনয়ও করেছেন ক্রো। এরই মধ্যে ছবিটা অস্ট্রেলিয়ান একাডেমি অব সিনেমা অ্যান্ড টিভি আর্টসে পাঁচটি পুরস্কার জিতেছে। অস্ট্রেলিয়াতেই আগে মুক্তি দেওয়া হয়েছিল ছবিটি। একজন অস্ট্রেলীয়র গল্প বলে সেখানে ছবিটি দুহাত ভরে বরণ করে নিয়েছে দর্শকেরা। এবার বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পালা। বাকি পৃথিবী কি অস্ট্রেলীয় সেই বাবার আবেগটা বুঝবে?
বুঝবে নিশ্চয়ই। বাবা তো বাবাই। সে অস্ট্রেলীয় হোক, তুর্কি, কিংবা বাংলাদেশি!
রাজীব হাসান, সিএমএইচ অবলম্বনে