ক্রোমার জগতে 'মোস্ট ওয়েলকাম' নয়

বাজারে একধরনের চায়নিজ ফ্যান পাওয়া যায়, যার মধ্যে ফ্যান ছাড়াও লাইট, রেডিও, সিডি প্লেয়ার, চার্জার নানা কিছু জুড়ে দেওয়া থাকে। ভাব এমন, আহা আরেকটু জায়গা থাকলে টিভি, ফ্রিজ আর এসিটাও লাগিয়ে দেওয়া যেত। কথাটা মনে হবে মোস্ট ওয়েলকাম টু ছবির শুরুর ধামাকা টাইটেল দেখতে গিয়ে। নানা সমালোচনার পরও চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও অভিনয়ে অনন্তের নাম দেখার সময় ভাবছিলাম, আহা ক্যামেরার কাজটাও উনি কেন করলেন না। তাহলে অধুনা জনপ্রিয় সেলফি স্টাইলে পুরো সিনেমা শুট করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিতে পারতেন।
যেমনটা তাক লাগিয়েছেন তিনি ক্যানসারের প্রতিষেধক আবিষ্কারক বাংলাদেশি বিজ্ঞানী হাসান মঈনের সংবাদ সম্মেলনের বাইরে ভিলেনদের আক্রমণ ঠেকাতে কাচ-টাচ ভেঙে দুই তলা থেকে জিপের ওপর লাফিয়ে পড়ে। সে কী লাফ! পুরোই বঙ্গোপসাগরের নিম্নচাপ হয়ে গেল তাতে। দুইটা গাড়ি চিৎ-কাৎ হয়ে উল্টে-পাল্টে কোথায় জানি উড়ে গেল, সতর্কসংকেত ছাড়াই একটা গাড়িতে আগুন ধরে গেল। সেই যে শুরু এরপর আরও অসংখ্য গাড়ি উড়িয়ে-পুড়িয়ে, অভিকর্ষ-মহাকর্ষ, সাধারণ বিজ্ঞান-চিকিৎসাবিজ্ঞানের প্রধান প্রধান সব সূত্রকে খানখান করে ভেঙে বাংলা সিনেমার সেট ফর্মুলা ধরে দুরন্ত বেগে এগিয়ে গেছে এই সিনেমা। কখনো অনন্ত শূন্য জমিন থেকে লাফিয়ে উঠেছেন ১০-২০ হাত, কব্জা করেছেন উড়ন্ত হেলিকপ্টার, উড়ে উড়ে চলে গেছেন বহুদূর, শায়েস্তা করেছেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে না পারা ভিলেনদের। অটো পদ্ধতিতে বুজিয়ে ফেলেছেন গুলি লাগা গাছ আর দেয়ালের ক্ষত। চরিত্রের প্রয়োজনে এমনকি ক্যানসারের জীবাণুদের করে তুলেছেন বড্ড ছোঁয়াচে এবং ত্বরিতবিস্তারি।
এগুলোতে কোনো আপত্তি করছি না। কারণ, আজগুবি সব জিনিস হবে অনন্তের ছবিতে আর সেসব দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়া বিনোদনের আশা নিয়েই তো হলে ঢুকি আমরা। কিন্তু অনন্তের এই বিগ বাজেটের ছবির প্রায় প্রতিটি গানে কেন অদক্ষ হাতের ক্রোমা করা দৃশ্য দেখতে হবে? আদিকালের মফস্বলী স্টুডিও ধারার স্থির সিনসিনারির মধ্যে অনন্ত এবং বর্ষার নাচ পুরো সিনেমার জৌলুশই কমিয়ে দিয়েছে। মনে হয়েছে, অনন্ত জলিলের কি সিনেমা বানাতে গিয়ে টাকায় শর্ট পড়ল, অবিশ্বাস্য। না হলে টাকা বাঁচানোর এই ফন্দি কেন? আর যদি কেউ ভুল বুঝিয়ে অনন্তকে এই ক্রোমা ‘টেকনোলজি’ ব্যবহারে উদ্বুদ্ধ করে থাকে, তবে তার জবাবদিহি করা উচিত। এমন দাবি উঠল হলের মধ্যেই।
তবে খোলা দিলে এই সিনেমা দেখতে বসলে আপনি হাসবেন, হাসবেন আর হতভম্ভ হয়ে যাবেন। হাউসফুল হল, বোঝাই যায় মানুষ আজকাল হাসির পাশাপাশি হতভম্ভ হওয়ার জন্যও পয়সা খরচ করছে। তবে হতভম্ভ মানুষ নানা কারণে হলেও হাসে মূলত দুই কারণে—হাসির ঘটনায় বা হাস্যকর ঘটনায়। এই সিনেমা দেখে মানুষ হাসছে এটাই বড় কথা, কেন হাসছে সেটা বাংলা সিনেমার এই দুর্দশাকালে বিশ্লেষণ না করলেও চলবে।