ক্লাস থ্রির পর

‘শেষবার যখন শিশুপার্কে যাই, তখন ক্লাস থ্রিতে পড়ি। এরপর পার হয়ে গেছে অনেক বছর। এই সময়ে কত হাজারবার যে শিশুপার্কের সামনে দিয়ে আসা-যাওয়া হয়েছে, তার হিসাব নেই। কিন্তু আর ভেতরে ঢোকা হয়নি।’ আজ রোববার সকালে তৃতীয়বারের মতো শিশুপার্কে ঢুকে কথাটি বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস।
ঢাকার শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কে আজ রোববার সকালে সমাজ সচেতনতামূলক একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নেন ফেরদৌস। তখনই তাঁর সঙ্গে কথা হয়।
ফেরদৌস বলেন, ‘একজন অভিনেতা হিসেবে সমাজের সবার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। সেই বিষয়টিকে মাথায় রেখে শিশু অধিকার নিয়ে তৈরি এই জনসচেতনতামূলক তথ্যচিত্রে কাজ করা।’ তিনি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি আমি এই ধরনের কাজ খুব উপভোগ করি। আজ তো দারুণ একটা ব্যাপারই হয়ে গেল। তথ্যচিত্রটিতে কাজ করার সুবাদে শিশুপার্কে আসা হলো। খুব নস্টালজিক হয়ে গেলাম। ছেলেবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে গেল।’
ফেরদৌস এও বলেন, ‘গত কয়েক বছরে ঢাকা শহরে অনেক ধরনের পরিবর্তন হয়েছে। শিশুপার্কে ঢুকে মনে হয়েছে, সেই অর্থে এটারই কোনো পরিবর্তন হয়নি। ঠিক আগের মতোই রয়েছে। কিছু ক্ষেত্রে বরং আরও অবনতি হয়েছে।’
এদিকে ফেরদৌস এখন চ্যানেল আইয়ের নাচ-বিষয়ক রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে’-এর বিচারকাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি চলছে কয়েকটি ছবির কাজও। এর মধ্যে আছে তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নুযহাত ফিল্মসের ‘পোস্টমাস্টার’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘বায়ান্ন থেকে একাত্তর’, শাহানূর খান রিপনের ‘প্রাচীর পেরিয়ে’ উল্লেখযোগ্য।