ক্লাস নেবেন পূর্ণিমা, তবে...

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা শোনাবেন পূর্ণিমা। অনেকে শিক্ষকতার সঙ্গে মিলিয়ে ফেললেও বিনয়ী পূর্ণিমা সেটি এড়িয়ে গেলেন। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘শিক্ষকতা করব—ব্যাপারটি শুনলে আমি খুবই লজ্জা পাই। আমি আসলে শিক্ষকতা করব না, মাঝেমধ্যে আমার নিজের কিছু অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে শেয়ার করব। এতটুকুই। এটাকে ঠিক শিক্ষকতা বলা যায় না।’
গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও নির্মাতাদের উদ্যোগে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ‘সার্টিফিকেট ইন অ্যাকটিং’ কোর্স চালু করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসে আয়োজন করা হয়েছিল চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান। এতে চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন ও বিশ্ববিদ্যালয়ের এফটিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আফজাল হোসেন খান সই করেন। তিন মাস মেয়াদি এই কোর্সের শুরুতে ‘বেসিক অ্যাক্টিং’, পরে ‘অ্যাক্টিং ইন থিয়েটার, টেলিভিশন অ্যান্ড সিনেমা’ এবং সবশেষে অভিনয়ের ওপর ‘প্র্যাকটিক্যাল কোর্স’ করানো হবে।
জানানো হয়, এই কোর্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, নির্দেশক ও অভিনেতা গাজী রাকায়েত বিভিন্ন বিষয়ে ক্লাস নেবেন। এ ছাড়া অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে বেশ কয়েকজন অভিনেতা ক্লাসে অভিনয়ের পাশাপাশি তাঁদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার করবেন।