ক্লিন্ট ইস্টউডের ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লিন্ট ইস্টউড
ক্লিন্ট ইস্টউড

কাউবয় টুপির নিচে তীক্ষ্ণ একজোড়া চোখ। ঠোঁটের আগায় চুরুট। হাতটা আস্তে-ধীরে এগোচ্ছে কোমরের পাশে গোঁজা রিভলবারের দিকে। ওপাশের দুজনও সতর্ক শয়তান। দুর্দান্ত তাদের হাতের টিপ। চোখের পলক ফেলার আগে উড়িয়ে দেবে মাথার খুলি। টানটান উত্তেজনা। তিনজনের চোখের ওপর স্থির হয়েছে ক্যামেরা। একেকটা মুহূর্ত যেন একেকটা বছর। তারপর আচমকা ঢিসাও! ধোঁয়া উড়ল দুর্ধর্ষ কাউবয় ব্লন্ডির বন্দুক থেকে। ছিটকে মাটিতে পড়ল একজন।

সোনম কাপুর
সোনম কাপুর

মনে পড়ে সেই দৃশ্য? ছবির নাম দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। কে না জানে, সার্জিও লিওনির এই কালজয়ী ছবির ‘ব্লন্ডি’র সত্যিকার নাম ক্লিন্ট ইস্টউড। নামের আগে ‘একাধিক অস্কার বিজয়ী’ বলেও যাঁর মহিমা বোঝানো কঠিন। বলা যেতে পারে, এই মুহূর্তে হলিউডের শ্রেষ্ঠ জীবিত কিংবদন্তিদের একজন তিনি। সেই ক্লিন্ট ইস্টউড আসছেন তাঁর সিনেমা আর জীবনের গল্প শোনাতে। ২১ মে বুনুয়েল হলের সামনে তাই পাক্কা দুই ঘণ্টা আগে থেকে সাংবাদিকদের লম্বা কিউ। কিউয়ে দাঁড়িয়ে উৎকণ্ঠায় ছিলাম। শেষ মুহূর্তে কীভাবে ঢোকার সুযোগটা পেয়েছি, নিজেও জানি না।

কিংবদন্তির কথা বলছি
না, কোমরে রিভলবার বা মুখে চুরুট নেই। ৮৬ বছর বয়সী হলিউড কিংবদন্তি দেখা দিলেন খুব সাধারণ বেশে। কালো জ্যাকেট আর ভেতরে টি-শার্ট। পায়ে? না, কাউবয় বুট নয়। মামুলি একজোড়া স্পোর্টস শু। চুলে পাক ধরেছে, সেটা তো ছবিতেই দেখেছি। কথা বলার সময় গলা খানিক কাঁপে, সেটাও সত্যি। চোখের নিচে বয়সের ভাঁজ। তবুও তিনি ক্লিন্ট ইস্টউড। তাই মহাতারকা মঞ্চে আসতেই দর্শকদের হাততালি যেন আর থামতে চায় না। তাঁকে সামনাসামনি প্রথম দেখার আবেগে ভেসে গেল কতজন! কত উদ্গ্রীব ক্যামেরার ফোকাস গেল নড়ে, ইয়ত্তা নেই কোনো! মঞ্চে বসতেই, নিয়মমাফিক ক্লিন্টের মুখোমুখি হলেন আগেই অপেক্ষমাণ চলচ্চিত্র সমালোচক কেনেথ তুরান। সরস মন্তব্য আর রসিকতায় ক্লিন্ট ইস্টউড অচিরেই মন্ত্রমুগ্ধ করে ফেললেন চারপাশ।
‘পরিচালকেরা খুব মজার চরিত্র। ওরা শুটিংয়ে সবাইকে বলে চুপ থাকতে আর নিজেরাই হট্টগোল করে সবচেয়ে বেশি। তাই না?’—বলে দর্শকদের দিকে তাকালেন ক্লিন্ট। চারপাশে হাসির রোল উঠল। এ রকম নানা রসিকতার ফাঁকে জানাতে ভুললেন না, এখন দুনিয়া থেকে ‘সেন্স অব হিউমার’ জিনিসটাই গায়েব হয়ে যাচ্ছে বেমালুম।
জানিয়েছেন, ছেলেবেলা থেকেই ওয়েস্টার্ন ছবির ভক্ত তিনি। আর বলেছেন সিনেমা নিয়ে মোক্ষম কিছু কথা। যেমন সিনেমা পুরোপুরি একটা আবেগের ব্যাপার। এটা কোনোভাবেই ইন্টেলেকচুয়াল কিছু না।
পুরো এক ঘণ্টার আয়োজনে কথা হলো অনেক। ৭০তম কান উৎসব উপলক্ষে আয়োজিত বিশেষ ‘মাস্টার ক্লাস’ শেষে ক্লিন্ট ইস্টউড চলে যাচ্ছেন। জনসমুদ্র যেন আবারও ঝাঁপিয়ে পড়ল তাঁর দিকে। মহানায়কের মহাজনপ্রিয়তা আর কাকে বলে!

লালগালিচায় সোনম
ঐশ্বরিয়া রাই বচ্চনের মতোই কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি বলিউড নায়িকা সোনম কাপুর। ২০১১ সাল থেকে কানের স্পনসর ল’রেলের প্রতিনিধি হয়ে সোনম এই উৎসবে যাচ্ছেন। এবার মার্কিন নির্মাতা নোয়াহ বোমবাক নির্মিত প্রতিযোগিতা বিভাগের ছবি দ্য মায়োরিদজ স্টোরিজ (নিউ অ্যান্ড সিলেক্টেড) প্রদর্শনীর আগে লালগালিচায় হেঁটেছেন সোনম কাপুর

.
.

কানে কামার
কান চলচ্চিত্র উৎসবে সিনেফন্ডেশন আয়োজিত লা’আতেলিয়ারে এবার অংশ নিয়েছেন ১৫ জন সম্ভাবনাময় তরুণ নির্মাতা। তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি নির্মাতা কামার আহমাদ সাইমনও (পেছনে দাঁড়িয়ে, ডান থেকে পঞ্চম)। গতকাল কান উৎসবের গ্রান্দ পালায় হয় তাঁদের আনুষ্ঠানিক ছবি তোলা। কান উৎসবের ফেসবুক পেজ