ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার নিবন্ধন শুরু
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার চতুর্থ আসরের নিবন্ধন কার্যক্রম শুরু হলো। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ১৬ থেকে ৩০ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান প্রচারিত হবে এনটিভিতে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন এনটিভির নির্বাহী প্রযোজক আলফ্রেড খোকন। তিনি জানান, ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। চলবে মাসজুড়ে। এরপর প্রতিযোগীদের নিয়ে ঢাকায় শুরু হবে মূল পর্বের ধারণকাজ। প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল ও খুলনায়। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরাও অংশ নিতে পারবেন এ প্রতিযোগিতায়। প্রবাসীদের নিবন্ধন করার জন্য লগঅন করতে হবে www.facebook.com/CloseupBangladesh। আর দেশের প্রার্থীদের ০৯৬৬৬৩৩৩১১১ নম্বরে কল করে নাম নিবন্ধন করতে হবে।