ক্ল্যাপটন গিটার বাজাতে পারছেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরিক ক্ল্যাপটন
এরিক ক্ল্যাপটন

সর্বকালের অন্যতম সেরা গিটারিস্ট এরিক ক্ল্যাপটন বয়সের কাছে হার মানছেন। গিটারের ছয় তার ছিল তাঁর পোষ মানা বিড়াল। এখন সেই তারে আঙুল বসাতে ভীষণ কষ্ট হচ্ছে। ইংলিশ এই গিটারিস্ট জানিয়েছেন, স্নায়ুতন্ত্রের সমস্যার কারণে গিটার বাজাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে তাঁর।
ইতিহাসের একমাত্র সংগীতশিল্পী হিসেবে রক অ্যান্ড রোলের হল অব ফেমে তিনবার নাম ওঠা ক্ল্যাপটন বলেছেন, ‘গত বছর অনেক শারীরিক ব্যথার মধ্য দিয়ে গিয়েছি। শুরুটা হয়েছিল শরীরের পেছনের নিচের দিকের ব্যথা দিয়ে। সেটি পরে পেরিফেরাল নিউরোপ্যাথিতে রূপ নিয়েছে। গিটার বাজাতে খুবই কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি, অবস্থার আর উন্নতি হবে না।’
বয়স হিসেবে ৭১ বছর খুব বেশি হয়তো নয়। তবে অতীতের মাদকাসক্ত স্বেচ্ছাচারী জীবনের মাশুলই এখন গুনতে হচ্ছে এরিক ক্ল্যাপটনকে। সত্তরের দশকে ‘ক্রসরোডস’, ‘লায়লা’র মতো গান দিয়ে খ্যাতির তুঙ্গে চলে আসা ক্ল্যাপটন স্বীকার করছেন, ‘বেঁচে আছি, এই তো অনেক। অনেক আগেই মৃত্যুঘণ্টা বেজে যাওয়ার কথা ছিল। সত্তরের ঘরে এসেও কীভাবে বেঁচে আছি, জানিই না! মরতে মরতে নরকের মুখ থেকেও ফিরে এসেছি।’
ক্ল্যাপটন অবশ্য সম্প্রতি তাঁর ২৩তম স্টুডিও অ্যালবাম আই স্টিল ডু মুক্তি দিয়েছেন।
অনেকের হয়তো মনে আছে, ১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে করা ‘কনসার্ট ফর বাংলাদেশ’–এ অংশ নিয়েছিলেন এরিক ক্ল্যাপটন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে এই কনসার্টটি হয়েছিল। বিবিসি।