ক্ল্যাসিক ছবির মর্যাদা পেল ‘মাটির ময়না’
দেশের গণ্ডি ছাড়িয়ে মাটির ময়না বিদেশের মাটিতে সুনাম ও স্বীকৃতি কুড়িয়েছে বহু আগেই। এবার মাটির ময়না বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের ছবির কাতারে দাঁড়াল। ধর্মান্ধতা ও গোঁড়ামিকে বিষয় করে নির্মিত ছবিটি বিশ্বমানের ক্ল্যাসিক ছবির মর্যাদা পেয়েছে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট রাইটারস ইনস্টিটিউট সম্প্রতি বিশ্ব চলচ্চিত্রের ক্ল্যাসিক সিরিজের কিছু ছবি প্রদর্শনীর আয়োজন করে। এখানে আকিরা কুরোসাওয়া ও ফেডেরিকো ফেলিনির ছবির পাশাপাশি তারেক মাসুদের মাটির ময়না প্রদর্শিত হবে। ১১ মার্চ ছবিটি প্রদর্শনীর কথা রয়েছে। গত ১৬ জানুয়ারি ছবিটি অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল এসবিএসে প্রচারিত হয়। টেলিভিশন চ্যানেলটির ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বমানের বেশ কিছু ক্ল্যাসিক ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। এর মধ্যে মাটির ময়না ছিল একটি।আন্তর্জাতিক অঙ্গনে মাটির ময়নার এমন সাফল্যে নিজের অভিব্যক্তি বর্ণনা করতে গিয়ে পরিচালক তারেক মাসুদ প্রথম আলোকে বলেন, ‘অনুভূতিটা কষ্টের। কারণ, ছবিটি ৩৫টি দেশে মুক্তি পেল। কিন্তু আমাদের দেশে দেখাতেই পারিনি। নিষেধাজ্ঞা ও অন্য বিভিন্ন কারণে ঢাকার বাইরে মফস্বলের দর্শকদের ২০০২ সালে ছবিটি দেখানো যায়নি।’এখন তো নিষেধাজ্ঞা নেই—এমন প্রশ্নের জবাবে তারেক মাসুদ বলেন, ‘মাটির ময়নার ১০ বছর পূর্তি উপলক্ষে এ বছরের অক্টোবরে সারা দেশে ছবিটি আবারও মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’২০০৮ সালে মার্কিন টিভি চ্যানেল টার্নার ক্ল্যাসিক মুভিজেও মাটির ময়না প্রচারিত হয়। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া ছবিগুলো প্রচার করে টিভি চ্যানেলটি। ২০০২ সালে মুক্তি পাওয়া মাটির ময়না ছবিটি ওই বছরই কান চলচ্চিত্র উৎসবে সমালোচক পুরস্কার পায়।