ক্ষতিপূরণের মামলা করছে জ্যাকসন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দিস ইজ ইট’ কনসার্টের প্রচারণার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৬ বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ মামলা করছে ‘পপ কিং’ খ্যাত প্রয়াত মাইকেল জ্যাকসনের পরিবার। আগামী ২ এপ্রিল থেকে লস অ্যাঞ্জেলসে এ মামলার কার্যক্রম শুরু হচ্ছে।২০০৯ সালে জ্যাকসনের ৫০টি মঞ্চ পরিবেশনা নিয়ে ‘দিস ইজ ইট’ কনসার্ট সিরিজের পরিকল্পনা করা হয়েছিল। জুলাইয়ে শুরু হয়ে তা চলার কথা ছিল ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত। লন্ডনের ওটু এরিনায় আয়োজিত কনসার্ট সিরিজটির প্রচারণাও শুরু করেছিল এইজি নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু প্রথম কনসার্টের মাত্র তিন সপ্তাহ আগে ২০০৯ সালের ২৫ জুন মৃত্যু হয় জ্যাকসনের। জ্যাকসন পরিবারের অভিযোগ, ‘দিস ইজ ইট’ কনসার্টে অংশ নিলে ৬.৬ বিলিয়ন পাউন্ড আয় করতেন পপ কিং। এ ছাড়া, অন্যান্য আরও নানা কারণে ১৯.৮ বিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে জ্যাকসন পরিবারের সদস্যরা। এজন্য সবমিলিয়ে ২৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন জ্যাকসনের মা ক্যাথরিন এবং তিন সন্তান প্যারিস, প্রিন্স ও ব্ল্যাঙ্কেট। ‘দিস ইজ ইট’ কনসার্টের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কিছুদিনের মাথায় জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক হিসেবে ভাড়া করা হয়েছিল ড. কনরাড মারেকে। জ্যাকসন পরিবারের দাবি, কনরাড নিয়োগ পাওয়ার পর তাঁর তত্ত্বাবধানে অবহেলা করেছে এইজি। জ্যাকসনকে নিয়মিত প্রপোফল ইনজেকশন ব্যবহারের অনুমতি দিয়েছিলেন কনরাড। অথচ এ বিষয়ে তাঁর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। প্রসঙ্গত, অনিচ্ছাকৃতভাবে জ্যাকসনকে হত্যার দায়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন ড. কনরাড মারে। গত বছর থেকে লস অ্যাঞ্জেলেস কারাগারে সাজা ভোগ করছেন তিনি।জ্যাকসনের মৃত্যুর পর ৬৭৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করেছে মাইকেল জ্যাকসন এস্টেট। তার মধ্যে ৩৭৫ মিলিয়ন পাউন্ডই খরচ করা হয়েছে জ্যাকসনের দেনা পরিশোধের পেছনে।