ক্ষমতায়নের রূপকল্প
দরিদ্র মানুষের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ব্র্যাক। এ প্রতিষ্ঠানের অভিযাত্রার ৪০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। গতকাল শুক্রবার দৃক গ্যালারিতে শুরু হওয়া এ প্রদর্শনীর শিরোনাম ক্ষমতায়নের রূপকল্প। এসব আলোকচিত্রে ব্র্যাকের দীর্ঘ ইতিহাসের পথপরিক্রমায় এ দেশের অসহায় ও দরিদ্র নারীদের এগিয়ে আসার আলেখ্য, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রথাগত রক্ষণশীল ধারা থেকে নারীদের বেরিয়ে আসা এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আলোকিত সমাজ গড়ার নিরবচ্ছিন্ন লড়াইয়ের চিত্র ঠাঁই পেয়েছে।গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেস ও ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ আলী। আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।ব্র্যাংকের নিজস্ব আলোকচিত্রী এবং সংগৃহীত ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আর্কাইভ ছাড়াও সুমন ইউসুফ, জন পল কে, শেহজাদ নুরানি প্রমুখের আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ২০ অক্টোবর পর্যন্ত।