ক্ষমা চাইবেন না আমির
সম্প্রতি ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসক এবং চিকিৎসা-পেশাকে হেয় করার অভিযোগে আমির খানকে ক্ষমা চাওয়ার জন্য দাবি তুলেছেন ভারতের চিকিৎসকেরা। বরাবরই নিজের কৃতকর্মের জন্য সাফাই গাওয়ার পক্ষপাতী নন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এই বলিউডের অভিনেতা। তার পরও এবার চিকিৎসকদের দাবির বিপরীতে নিজের পক্ষে অবস্থান নিয়ে ক্ষমা চাইবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি।এ প্রসঙ্গে আমিরের উদ্ধৃতি দিয়ে জিনিউজ জানিয়েছে, ‘অবশ্যই আমি চিকিৎসকদের কাছে ক্ষমা চাইব না। কারণ চিকিৎসা-পেশা কিংবা চিকিৎসকদের আমি অপমান করিনি। এই পেশাকে হেয় করেছেন সেসব চিকিৎসকেরা, যাঁরা কর্তব্যে অবহেলাসহ নানা অনৈতিক কাজে নিজেদের জড়িয়ে ফেলেছেন।’উল্লেখ্য, বিভিন্ন সামাজিক অসংগতির বিষয়বস্তু নিয়ে নির্মিত ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের চতুর্থ পর্বে আমির খান অভিযোগের আঙুল তুলেছিলেন চিকিৎসকদের প্রতি। তাঁদের কর্তব্যে অবহেলাসহ চিকিৎসা-পেশার আরও কিছু অসংগতির বিষয় তুলে ধরা হয় অনুষ্ঠানটিতে। এতে ক্ষুব্ধ হয়ে ২১টি চিকিৎসা-প্রতিষ্ঠানের চিকিৎসকেরা আমিরকে ক্ষমা চাইতে বলেন।