ক্ষমা চাইবেন না সঞ্জয় দত্ত
আদালতের রায় মেনে নেবেন সঞ্জয় দত্ত। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আত্মসমর্পণ করবেন তিনি। সাড়ে তিন বছর জেল খাটতে হবে তাঁকে। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় এ রায় দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ে সঞ্জয় দত্তের বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট যে সাজা ও শর্ত দিয়েছেন, তাতে আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমাকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। অনেক কাজ বাকি আছে। পরিবারের সঙ্গেও সময় কাটাতে হবে। দয়া করে আমাকে এই সময়টুকু শান্তিতে থাকতে দিন। আমি দেশ ও দেশের মানুষকে ভালোবাসি।’এ সময় সঞ্জয় দত্তের পাশে ছিলেন কংগ্রেসের সাংসদ বোন প্রিয়া দত্ত। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সঞ্জয়। প্রিয়া তাঁকে নিয়ে যান বাড়ির ভেতরে।নির্মাতা সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে সঞ্জয় দত্তকে শেষ করতে হবে পুলিশগার্ল, জঞ্জির, উঙ্গলি ও পিকে ছবিগুলোর কাজ। জি নিউজ ব্যুরো।