ক্ষমা চাইলেন সাইফ
সম্প্রতি বলিউডের অভিনেতা সাইফ আলী খান জানিয়েছিলেন, হলিউডের অভিনেত্রী নাটালি পোর্টম্যানের সঙ্গে তিনি একটি রোমান্টিক কমেডিধর্মী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন! বিষয়টি যে স্রেফ কৌতুক ছিল, তা জানা গেছে পরে। অবশ্য নাটালিকে নিয়ে এ ধরনের রঙ্গ করার জন্য সাইফ শেষপর্যন্ত ক্ষমাও চেয়েছেন। নাটালিকে নিয়ে কৌতুক করায় ভালোই ঝামেলা পোহাতে হয়েছে সাইফকে। বিষয়টি জানার পর নাটালির মুখপাত্রের পক্ষ থেকে সাইফকে আইনি নোটিশ পাঠানো হয়। এ ধরনের অবান্তর কৌতুকের ব্যাখ্যা চাওয়া হয় পতৌদির নবাব সাইফের কাছে। সম্ভবত এ কারণেই গা বাঁচাতে ক্ষমা চাওয়ার কৌশল অবলম্বন করেছেন সাইফ। এক খবরে জানিয়েছে জি-নিউজ।নাটালিকে নিয়ে কৌতুকের ব্যাখ্যা দিতে গিয়ে সাইফ বলেছেন, ‘আসলে স্রেফ মজা করার জন্যই নাটালিকে নিয়ে গল্প ফেঁদেছিলাম। এ জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমাকে ঘিরে এতসব কেচ্ছা-কাহিনি প্রকাশিত হওয়ায় জীবন নিয়ে অত্যন্ত বিরক্ত আমি। সম্ভবত সে কারণে নিজেকে বিনোদিত করতেই নানা গল্প বানানো শুরু করেছি আমি।’