ক্ষুদে গানরাজের পাঁচ বিজয়ী
সত্যিকারের এক মহোৎসব ছিল ক্ষুদে গানরাজের চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজনটি। ১০ জুন সন্ধ্যায় আতশবাজির আলো ফোয়ারা হয়ে ছড়িয়েছিল অন্ধকার আকাশে। সেই আলোয় স্টেডিয়ামের সবুজ ক্যানভাসে একেক করে ঘোড়ার গাড়ি, ছোট কার, মোটরবাইক ও ঘোড়ায় চড়ে মঞ্চে আসে শীর্ষ পাঁচ ক্ষুদে গানরাজ। করতালিতে পুরো বঙ্গবন্ধু স্টেডিয়ামের দৃশ্য পাল্টে যায়। এই বিজয়রথে শেষ হাসি হেসেছিল নয় বছরের বালিকা নসরাত জুহুরী।সুরসম্রাট আলাউদ্দিন খাঁর এলাকা ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে নসরাত জুহুরী। বুঝতে শেখার বয়সের আগেই সংগীতে তার হাতেখড়ি। ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় শীর্ষ হওয়াকে নসরাত এখনো স্বপ্নের মতোই মনে করছে। বড় হয়ে কী হতে চায় নসরাত? প্রশ্ন শুনে অনেকটা সময় চিন্তা করে মিষ্টি একটা হাসি দেয়। ‘আমি গান গাইতে থাকব। গান করতে করতে অনেক বড় হয়ে অন্যদের গান শেখাব।’ শুধুই কি গান? প্রথমে হ্যাঁ সূচক মাথা নেড়ে আবার গম্ভীর হয়ে জবাব দেয়, ‘আমি আইনের লোক হব। কালো কোট গায়ে দিয়ে দুষ্ট মানুষের বিচার করব।’এ আসরে দ্বিতীয় হয়েছে যৌথভাবে সানজানা তাবাসসুম ও রাজু আহমেদ। এর মধ্যে সানজানা তাবাসসুম রাজশাহীর মেয়ে। সানজানার ইচ্ছে বড় শিল্পী হওয়ার, পাশাপাশি সে চিকিৎসক হবে। অনেক বড় চিকিৎসক হয়ে সে গরিব মানুষের সেবা করবে। একই স্থানে রয়েছে খুলনার প্রতিযোগী রাজু আহমেদ। একজন দিনমজুরের ছেলে রাজু। সংসারের অভাব মেটাতে এটুকু বয়সে সে পথে পথে গান গেয়ে উপার্জনে নামে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে না পারলেও রাজুর কোনো আফসোস নেই। সে বড় হয়ে এন্ড্রু কিশোরের মতো অনেক বড় শিল্পী হতে চায়। পাশাপাশি অনেক দূর লেখাপড়া করার ইচ্ছে তার। সে গরিব শিশুদের জন্য কিছু করতে চায়। চূড়ান্ত প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় হয়েছে অপূর্ব বাসনা ও তানিশা ইসলাম। জামালপুরের মেয়ে বাসনার জন্ম গানের মধ্যে, গানের মধ্যেই তার বড় হয়ে ওঠা। হলি মিশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অপূর্ব বাসনা চায় বড় হয়ে একজন চিকিৎসক হতে। পাশাপাশি গানটাও আজীবন ধরে রাখতে চায়। একই স্থানে থাকা অপর বিজয়ী সিরাজগঞ্জের মেয়ে তানিশা ইসলাম। গান গাওয়া ছাড়াও সে আবৃত্তি করে। ছবি এঁকেও সে পেয়েছে জাতীয় পুরস্কার। তবে সংগীত ভুবনেই স্থায়ী হতে চায় তানিশা। একজন বড় শিল্পী হওয়ার পাশাপাশি তানিশা স্বপ্ন দেখে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। তানিশাদের স্বপ্ন পূরণ হোক—এটাই সবার কামনা।