
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য সংগ্রহশালার উদ্বোধন হলো গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে। সন্ধ্যায় সংগ্রহশালার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহযোগী অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা। সংগ্রহশালায় রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাদ্যযন্ত্র, অলংকার, শিকারের অস্ত্র, বস্ত্র, তৈজসপত্রসহ বিভিন্ন দ্রব্য।
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চাকমা, ত্রিপুরা, রাখাইন, সাঁওতাল, পাহাড়িয়া, গারো ও মণিপুরি শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
দ্বিতীয় ঢাকা আর্ট সামিট ফেব্রুয়ারিতে
আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় শুরু হবে তিন দিনের ঢাকা আর্ট সামিট। এটি সামিটের দ্বিতীয় পর্ব। গত বছর এপ্রিলে প্রথম সামিট অনুষ্ঠিত হয়েছিল।
গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সামিটের কর্মসূচি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা আর্ট সামিটের পরিচালক নাদিয়া সামদানী, প্রতিষ্ঠাতা রাজীব সামদানী, সামিটের তিন কিউরেটর মুনিরুজ্জামান, মাহবুবুর রহমান ও শেহজাদ চৌধুরী।
আয়োজকেরা জানান, এই আয়োজনে ১২টি একক প্রদর্শনী ছাড়াও থাকবে যৌথ প্রদর্শনী ও সেমিনার।