ক্ষোভ ভুলে দীপিকাকে কাছে টানলেন রণবীরের মা
সদ্য মুক্তি পাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ছবিটির একটি প্রদর্শনীতে হাজির হয়েছিলেন রণবীরের মা নিতু সিং। সেখানে দীপিকাকে উষ্ণ আলিঙ্গনে কাছে টেনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন বলিউডের এক সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী।অতীতে নিতু-দীপিকার সম্পর্ক বেশ শীতলই ছিল। এমনকি দীপিকার সঙ্গে রণবীরের বিচ্ছেদের পেছনে নিতু সিং কলকাঠি নেড়েছিলেন বলেও খবর চাউর হয়েছিল। অবশ্য সম্প্রতি এ ধরনের খবরকে অস্বীকার করে রণবীর দাবি করেছেন, বিচ্ছেদ তাঁদের দুজনের সিদ্ধান্তেই ঘটেছিল। এ প্রসঙ্গে রণবীরের ভাষ্য, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, দীপিকার সঙ্গে বিচ্ছেদের পেছনে আমার মায়ের কোনো ভূমিকা ছিল না।’ একবার টেলিভিশন অনুষ্ঠান কফি উইথ করণে রণবীর সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছিলেন দীপিকা। স্রেফ মজা করে এমন মন্তব্য করলেও, দীপিকার এ বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি রণবীরের মা-বাবা। সেই থেকেই দীপিকার সঙ্গে শীতল সম্পর্ক ছিল নিতুর। তবে সম্প্রতি দীপিকাকে উষ্ণ আলিঙ্গন উপহার দিয়ে অতীতের দ্বন্দ্বকেই বুঝি বিদায় দিলেন নিতু সিং।