কয়েদখানার নাট্যকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন একটা কাহিনি শোনা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় অস্কার ওয়াইল্ড ইতালি যাচ্ছিলেন। সীমান্ত কর্মকর্তারা তাঁর ব্যাগ তন্নতন্ন করে খুঁজছেন। যদি সন্দেহজনক কিছু পাওয়া যায়, যা মুসোলিনির শাসনের জন্য বিব্রতকর। তাঁকে ছেড়ে দেওয়ার পর ওয়াইল্ড নাকি বলেছিলেন, আমি একটা জিনিস পাচার করে নিয়ে যাচ্ছি, তোমরা তা ধরতে পারলে না। ওয়াইল্ড বলেছিলেন, তিনি তো তাঁর মগজটাকে নিয়েই ইতালিতে প্রবেশ করছেন। এমন এবং এ রকম আরও অনেক কথা মনে পড়ছিল মাত্র দুই দিনের জন্য ঢাকায় আসা নরওয়ের বিভাস ন্যাশনাল সামি থিয়েটারের এক অসামান্য ও অনির্বচনীয় প্রযোজনা, গিডাগাসাস (Giddagasas) বা প্রিজন দেখতে গিয়ে। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ৭ ও ৮ ডিসেম্বর আমরা যা দেখলাম, তা যেকোনো বিচারেই বিস্ময়কর বিষয়বস্তু, নাট্যভাবনা ও পরিবেশনার নৈপুণ্যে।সত্যিই একটা আন্তর্জাতিক নাটক দেখলাম। প্রযোজনার শিল্পনির্দেশক নরওয়েজিয়ান হাকুর জে গুনারসন জানিয়েছেন, এই একক অভিনয়নাট্য সার্বিক অর্থেই আন্তর্জাতিক। গ্রিক নাট্যকার, বাঙালি নির্দেশক, ফিনিশীয় (ফিনল্যান্ড) অভিনেত্রী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সামি ভাষায় সংলাপ, ইংরেজি দৃশ্যভাষ্য এবং কারাগারের মতো একটা তাৎপর্যবহ সর্বভূখণ্ডে অস্তিত্বমান প্রকোষ্ঠ—সব মিলে কয়েদখানা প্রকৃতপক্ষে থিয়েটারের বৈশ্বিক যোগাযোগটাকেই প্রতিষ্ঠিত করে। এই প্রযোজনা আলাদাভাবে আমাদের অহংবোধটাকে ইতিবাচকভাবে উসকে দেয়। নির্দেশক কামালউদ্দিন নীলু আমাদেরই একজন নাট্যজন, স্বজন। নীলু বেশ কয়েক বছর ধরে নরওয়ে-প্রবাসী। প্রধানত নাটক ও ইবসেনচর্চা নিয়ে দিন কাটে তাঁর। মাঝে জেনেছিলাম, নীলু সুদূর দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় একটি নাটকের নির্দেশনা দিয়েছেন। এবার সামি থিয়েটারের কয়েদখানা দেখে মনটা ভরল। অনেকবারই মনে হয়েছে, নীলু ইউরোপীয় থিয়েটারের আধুনিক প্রয়োগ কৌশলকে আত্মস্থ করতে পেরেছেন। ঢাকার অনেক প্রযোজনায় তা লক্ষণীয়। তাঁর নির্দেশিত মিশন নাটকটি এখনো আমার মগজের মধ্যে গেঁথে আছে। কয়েদখানা নির্দেশনার জন্য সেন্টার ফর এশিয়ান থিয়েটারকে অভিনন্দন জানাই। এরই সূত্রে শক্তিশালী গ্রিক নাট্যকার লিয়া কারাভিয়ার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনার সুযোগ জুটল। কারাভিয়ার আছে একটি বামপন্থী পরিবারে বেড়ে ওঠার রাজনৈতিক পটভূমি এবং নেপালের মতো একটি দরিদ্র দেশে কয়েক বছর কাজ করার অভিজ্ঞতা।কয়েদখানার কথায় আসি। দর্শক হিসেবে হলে প্রবেশ করে চমকে যাই না, কিন্তু গভীরভাবে মনোযোগী হই। সেটটা দেখে পেছনের সারি থেকে একজন নাট্যকর্মী বললেন, ‘আরে, প্রবেশ ও প্রস্থানের পথ কোথায়?’ আমার বুঝতে কষ্ট হয়নি, তাই বললাম, এটা একক অভিনয়। মঞ্চে তখন শুধু একটা মুখের ওপর আলো এবং ছায়া। কয়েদখানার জানালা দিয়ে আসা দেয়ালে বিদ্রূপ করা আলো এবং গরাদের ছায়া। যাকে দেখছি সে he না she তাও বোঝা যায় না। দর্শকদের ক্রমাগত প্রবেশ, আসন খোঁজা, ডাকাডাকি এবং কথোপকথনের মধ্য দিয়ে মনঃসংযোগ অটুট রাখার দুঃসাধ্য কাজটা অপলক চোখে কী দক্ষতার সঙ্গে করে যাচ্ছে অভিনেত্রী আনিতা সুইকারি। নাটকটা শুরু হতেই শিল্পমাধ্যমের একটা ত্রিবেণীসঙ্গমে পৌঁছে যাই আমরা। তরুণী নিনার অভিনয়-দক্ষতা, কাহিনির অদৃশ্য গভীরতা এবং নির্দেশকের নিপুণ শিল্পভাষা, যা আলোকসম্পাতে, প্রপস ব্যবহারের সুচিন্তিত স্বল্পতা এবং সংলাপ অনুধাবনের জন্য ব্যবহূত ইংরেজি sub-title-এ সমন্বিত হয়ে ওঠে।বন্দিশালার একটি অন্ধকার ঘর। এ নাটকের স্থান অদ্বিতীয়। নিনা—এ নাটকের কুশীলব একজনই। নারীর একক অভিনয় ভাবলেই আমরা যেন স্বভাবতই ভেবে নিই, নারীর একাকীত্ব, প্রতিকূলতার মুখোমুখি তাঁর বিধ্বস্ত অবস্থান, অতীত থেকে খুঁড়ে আনা কোনো বিষাদের কাহিনি। কয়েদখানা ব্যক্তির গল্প নয়, এটা আধুনিক সভ্যতার কলঙ্কময় ইতিহাসের ছবি। ইতিহাস আর ভূগোল মাখামাখি হয়ে যায়। রাজনীতি আর সমাজতত্ত্ব। ব্যক্তি ও সমাজ। গুয়ানতানামোর কথা মনে পড়ে! অথবা হিটলার থেকে স্তালিনের বন্দিশালা। ভারতে ব্রিটিশ শাসনামলের আন্দামান! নিনা একা কথা বলে যান, অবিরাম। প্রাথমিক দোল খাওয়ার সময় দস্তয়ভস্কির জেলখানার ডায়েরির কথা মনে পড়ে যেতে পারে কারও। কিন্তু না, আধুনিক জীবন ও সভ্যতার অমনভাবে কাব্যিক ও গভীর হয়ে ওঠার অবকাশ নেই। সতীনাথ ভাদুড়ির জাগরী উপন্যাসের জগৎটাকেও কাল আর দৈশিক পরিপ্রেক্ষিতে অতিক্রম করে যায় নিনার জীবনকথা। এখানে দহন আছে, পীড়ন আছে। আর নিনার আছে সেই নিপীড়নকে উপেক্ষা করার মতো মনোবল, বিচ্ছুরিত, খণ্ডিত, দ্বিখণ্ডিত, বহুখণ্ডিত ও দ্যুতিময় চিন্তার গতিপথ। এই নাটক সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বিশ্বায়ন, বহুজাতিক লোভ, যুদ্ধ, সাংস্কৃতিক আধিপত্যসহ সবকিছুকে ছুঁয়ে যায় প্রবলভাবে।নাটকের নির্দেশক শব্দের উচ্চমাত্রাকে কাজে লাগান নাটকের প্রথমে ও মাঝে স্বল্প সময়ের জন্য এবং তার অর্থদ্যোতনা ব্যাপক। বুটের শব্দ এবং খাবার দেওয়ার সময়ের ঝানঝনানি। ব্যস, ওই পর্যন্ত। নিনা নিপীড়নের কথা বলতে থাকে। তার ওপর নিপীড়ন, পৃথিবীর তাবৎ দুর্বলের ওপর নিপীড়ন। কামালউদ্দিন নীলু মঞ্চের বাঁ ও ডান দিকের দেয়াল দুটোকে পেছন থেকে সামনের দিকে ছড়িয়ে দিয়েছেন। সেট নিয়ে বস্তুত আর কিছু করেননি। সামনের দিকটা দর্শকপানে চওড়া হয়ে যাওয়ায় মুক্তির বা তার আকাঙ্ক্ষার একটা আভাস পাওয়া যায়। সংলাপের ইংরেজি ভাষ্য আলোর রেখায় তিন দিকের দেয়ালেই প্রক্ষিপ্ত হয়। কখনো বাড়তি জোরের সঙ্গে তা তিন দিকেই ভেঙে যায়, অথবা বড়/ছোট আকারের মাধ্যমে তাও সেটের বাঙ্ময় অনুষঙ্গ হয়ে ওঠে। কয়েকটি বিখ্যাত গান ব্যবহার করেছেন, সেখানেও দ্রুত ও বিলম্বিত লয় এবং বিশেষত ডিজিটাল আলোকসম্পাতের কৌশল ব্যবহার করে সাম্বা নাচের একটা স্বল্প সময়ের উদ্দাম ছন্দ বন্দিশালার এই যাবতীয় দৃশ্যমানতাকে উধাও করে দেয়। আধুনিক প্রযুক্তির এই ব্যবহার কী অসাধারণ মোহবাস্তবতা সৃষ্টি করেছে, তা বর্ণনা করা কষ্টকর। নাটকের সেটের সঙ্গেই তুলনীয় কাঠের একটা বাক্স, যা বন্দিনীর শোবার বা বসার অথবা দাঁড়ানোর জায়গা। ওটাকেই মঞ্চের মাঝখানে, ডানে, বাঁয়ে সরিয়ে অথবা দাঁড় করিয়ে দৃশ্যের রূপান্তর ঘটানো হচ্ছে। তারই মধ্যে নিজেকে ভাঁজ করে নিয়ে শুয়ে পড়েন নিনা। কয়েদখানার আরেকটা তাৎপর্য সৃষ্টি হয়ে যায়। আলোর ব্যবহারে নির্দেশক কোনো বাহুল্য প্রদর্শন করেননি, কিন্তু sub-title-এর গতিময়তা ও দেয়ালের ফাঁক গলে অনুপ্রবিষ্ট আলো নির্দেশকের মুনশিয়ানাকে প্রতিফলিত করে।অভিনেত্রী আনিতা সুইকারিও সেই অনন্য শক্তিমত্তার সঙ্গে একটা বলিষ্ঠ বক্তব্যকে নাটকের ভাষ্যে রূপান্তর করেছেন, তা তুলনাহীন। তাঁর বাচনভঙ্গি, শারীরিক ভাষা ও চরিত্রমগ্নতা আমাদের সম্মোহিত করে। এমন বহু অভিনয় দেখার সুযোগ হয়েছে ঘরে ও বাইরে, তবে আনিতার মতো স্বতঃস্ফূর্ত ও সংহত অভিনয় খুব কমই দেখেছি। এমন একটা আন্তর্জাতিক মান ও স্বাদের নাটক নির্মাণের জন্য পুনরায় বাঙালি নির্দেশক কামালউদ্দিন নীলুকে অকুণ্ঠ অভিনন্দন জানাই।