খনার ৫০: নারীশক্তি ও সত্যের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় ‘খনা’ নাটকের ৫০তম প্রদর্শনীর একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় ‘খনা’ নাটকের ৫০তম প্রদর্শনীর একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

‘যদি বর্ষে মাঘের শেষ ধন্যি রাজা পুণ্যি দেশ।’ অথবা ‘যদি থাকে বন্ধুরে মন গাঙ সাঁতরাইতে কতক্ষণ।’
এগুলো শোনা যেত গ্রামের দাদি-নানির কাছে। পাঠ্যবইয়ের চেয়ে লোকমুখেই বেশি, বিশেষ করে কৃষকদের মুখে। তথ্যপ্রযুক্তির প্রসারের বহু আগের কথা। কবে রোদ হবে, কবে বৃষ্টি হবে, কখন ফসল বুনলে গোলা ভরবে বা কখন অনাহারে কাটবে দিন, তা গ্রামে প্রৌঢ় মানুষজন বলে দিতেন। কারণ তাঁরা জানতেন খনার বচন।
সিংহলের রাজকন্যা খনা, যাঁর আরেক নাম লীলাবতী। তিনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী। নারীশক্তি আর সত্যের জয়ের খনার সে উপকথাকে নাট্যরূপ দিয়ে নাট্যদল বটতলা প্রথম মঞ্চে আনে ২০১০ সালের ৯ মার্চ। গতকাল বাংলাদেশ শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির ৫০তম প্রদর্শনী হয়ে গেল। নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। বটতলার তৃতীয় প্রযোজনা এটি।
নির্দেশক ও নাট্যকার ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করছেন কাজী রোকসানা, মিজানুর রহমান, আবদুল কাদের, চন্দন পাল, হাসনাইন সিকদার, ইভান রিয়াজ, খালিদ হাসান, পঙ্কজ মজুমদার প্রমুখ। নিত্রা ও কাজী রোকসানা বিরতির আগে-পরে খনার ভূমিকায় অভিনয় করেন।
বিকেল পৌনে ছয়টায় প্রদর্শনী শুরুর এক ঘণ্টারও বেশি সময় আগেই নাট্যশালার টিকিট কাউন্টারে দর্শকের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে দেখা গেছে ভেতরে বসা দলের দুই কর্মীকে। প্রদর্শনী শুরুর সময় মিলনায়তন প্রায় পরিপূর্ণ ছিল।
মিলনায়তনের বাইরে ছিল বিভিন্ন সময়ের প্রদর্শনী আর সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের স্থিরচিত্র। প্রদীপও জ্বলছিল এদিক-ওদিক।