খবর প্রকাশে নিরবের না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার আলোচিত জুটি নিরব ও সারিকা। একসঙ্গে জুটি হয়ে বেশকিছু পণ্যের মডেল হয়েছেন, স্টেজ প্রোগ্রামে নেচেছেন। একসঙ্গে জুটি হয়ে একটি নাটকেও অভিনয় করেছিলেন তাঁরা। বিজ্ঞাপনচিত্রের সফল জুটি নিরব-সারিকাকে নিয়ে নির্মাতাদের মধ্যে নাটক তৈরির একটা আগ্রহ তৈরি হয়। কিন্তু নিরব চলচ্চিত্রে ব্যস্ত হয়ে যাওয়ার পর নাটককে না বলে বিদায়ও জানিয়ে দেন। ২০১১ সালে ১৯ জুলাই ‘নাটককে না’— শিরোনামে প্রথম আলোয় নিরবকে নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়। সেখানে নিরব জানিয়েছিলেন বড় পর্দার কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত নাটকে অভিনয় করবেন না বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছেন।এক বছর যেতে-না যেতেই নিরব ও সারিকা জুটি হয়ে একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। নাটকটির বেশির ভাগ দৃশ্যের শুটিংও শেষ হয়েছে। নাটকের নাম ‘তোমাকে’। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পার্থ সরকার।নিরব-সারিকা জুটি হয়ে তোমাকে নাটকটির শুটিং করলেও খবর প্রকাশের ক্ষেত্রে নিরবের মধ্যে পুরোপুরি অনীহা কাজ করছে। প্রথম আলো ডটকমকে নিরব বলেন, ‘আসলে আমি নিজেকে পুরোপুরি চলচ্চিত্রের একজন মানুষ মনে করছি। তাই ছোট পর্দার কাজকে বছরখানেক আগেই না করে দিয়েছি। তোমাকে নাটকটির পরিচালকের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো। তাই নাটকটিতে অভিনয়ের ক্ষেত্রে তাঁর অনুরোধটা ফেলতে পারিনি।’নিরব আরও বলেন, ‘নাটকটা নিয়ে এতটা মাতামাতি হবে—সেটা বুঝতে পারিনি। এখন যদি পত্রিকায় খবরটি প্রকাশ হয় তাহলে নাটকে অভিনয়ের ব্যাপারটি সবাই জেনে যাবে। আসলে আমি ও সারিকা জুটি হয়ে অভিনয় করেছি জানলে অনেকের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হবে।’উল্লেখ্য, নিরব-সারিকা অভিনীত প্রথম টিভি নাটকের নাম ‘আমি নায়ক হবো’। সাইফ চন্দনের পরিচালনায় এতে নিরব একজন চিত্রনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।নিরব বর্তমানে আরটিভি প্রযোজিত ‘এই তো ভালোবাসা’ ছবির শুটিং করছেন। এতে নিরব ছাড়াও অভিনয় করছেন ইমন, নিপুণ ও সিদ্দিক। নিরব জানান, শুটিং প্রায় শেষের দিকে। এবার একটানা কাজ করা হচ্ছে।