খবরখাদ্যে এলেন সংবাদ অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবরখাদ্যে পারফরম্যান্স আর্ট করেন (বাঁ থেকে) সালেহ্ মাহমুদ ও কেহকাশা সাবাহ্ ষ প্রথম আলো
খবরখাদ্যে পারফরম্যান্স আর্ট করেন (বাঁ থেকে) সালেহ্ মাহমুদ ও কেহকাশা সাবাহ্ ষ প্রথম আলো

অনেক বড় মাপের রাষ্ট্রীয় অতিথি এলে যেমন লালগালিচা পেতে দেওয়া হয় তাঁর পদচারণের জন্য, অনেকটা তেমনি। তবে লালগালিচার বদলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষের দরজা থেকে খবরের কাগজ টেপ দিয়ে আটকে দেওয়া হলো মেঝের ওপর। তাতে লম্বা একটা কাগজের পথ তৈরি হলো প্রদর্শনকক্ষে। ‘স্যুটেড-বুটেড’ এক ভদ্রলোক দরজা দিয়ে প্রবেশ করলেন কক্ষে। মুখে তাঁর খবরের কাগজ দিয়ে তৈরি মুখোশ। দৃপ্ত পদক্ষেপে তিনি হেঁটে গেলেন কাগজ বিছানো পথে।
গতকাল সোমবার সন্ধ্যায় এই ‘সংবাদ অতিথি’কে দেখা গেল খবরখাদ্য প্রদর্শনীতে প্রবেশ করতে। প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে ৯ নভেম্বর থেকে এখানে শুরু হওয়া শিল্পী ওয়াকিলুর রহমানের এ দৃশ্যশিল্প প্রদর্শনীতে গতকাল ‘সংবাদ অতিথি’ নামের এ পারফরম্যান্স আর্ট করেন শিল্পী সালেহ্ মাহমুদ। শিল্পীর এ পারফরম্যান্স আর্টের ভাবনাটি ছিল—সাধারণ মানুষের জীবনের অনেক সংবাদই যে পরাক্রমশালীদের শক্তি আর ক্ষমতার প্রভাবে পদদলিত হয়ে যায়, তা তুলে ধরা।
সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছিল পারফরম্যান্স আর্ট। ‘নির্বাচন ও খবর’ নামে দ্বিতীয় পারফরম্যান্স আর্টটি করেন শিল্পী কেহকাশা সাবাহ্। বড় আকারের একটি ব্যালট বাক্স তৈরি করে তিনি নির্বাচন ও নির্বাচনকেন্দ্রিক সংবাদের বিষয়টি তুলে ধরেন। এ দুটি পারফরম্যান্সে আর্টের মধ্য দিয়ে প্রদর্শনী উপলক্ষে পারফরম্যান্স আর্টের পর্ব শেষ হলো। গতকাল বিকেলে অনেক দর্শক এসেছিলেন প্রদর্শনীতে। বিশিষ্ট আবৃত্তিশিল্পী আশরাফুল আলম বলেন, ‘প্রদর্শনীটিতে বিষয়বস্তু উপস্থাপনার ক্ষেত্রে চমক ও বৈভব আছে। প্রযুক্তির ব্যবহার চমৎকার। বড়দের মতো শিশুদের কাছেও এটি খুব বিস্ময়কর মনে হবে বলে আমার ধারণা।’